নয়াদিল্লি: ইলেকট্রিক বিল, ক্রেডিট কার্ড, বিমার প্রিমিয়াম, এসআইপি কিংবা ওটিটির সাবস্ক্রিপশন—প্রতি মাসে টাকা দেওয়ার নিয়ম আরও সহজ করল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। নতুন নিয়মে ওটিপি ব্যবহার না করেই ১৫ হাজার টাকা পর্যন্ত ‘অটো-ডেবিটে’র সুবিধা পাবেন গ্রাহক। এক্ষেত্রে শুধুমাত্র প্রথমবারই অনুমতি দিতে হবে। এতদিন প্রতি মাসে গ্রাহকদের অনুমতি দিতে হত। কোনো কারণে ওটিপির মেসেজ না দেখলে বিমার প্রিমিয়াম বা ক্রেডিট কার্ডের বিল জমার ক্ষেত্রে সমস্যায় পড়তেন অনেকেই। সেই সমস্যা আর থাকল না। তবে ১৫ হাজার টাকার বেশি স্বয়ংক্রিয় লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত ‘অথেন্টিকেশন’ ব্যবস্থা চালু থাকছে। মিউচুয়াল ফান্ডে লগ্নি বা ক্রেডিট কার্ডের বিলের মতো কিছু ক্ষেত্রে এক লক্ষ টাকা পর্যন্ত ‘অটো-পে’-এর সুবিধা মিলবে।



