জয়পুর, ২৪ মার্চ: আইপিএল শুরুর আগেই বড় খবর। বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস। মনোজ বাদালের হাত থেকে মালিকানা গেল কাল সোমানির কাছে। ১.৬৩ বিলিয়ন ডলার অর্থাৎ ১৫ হাজার ২৮৬ কোটি টাকায় এই দল কিনে নিয়েছেন মার্কিন উদ্যোগপতি সোমানি। এর ফলে খুব শীঘ্রই নতুন মালিকের হয়ে মাঠে নামতে দেখা যাবে রিয়ান পরাগদের। সূত্রের খবর, এর আগে রাজস্থান রয়্যালস কেনার জন্য সর্বোচ্চ দর দিয়েছিল সিপিসিপি বা কলম্বিয়া পেসিভফিক ক্যাপিটাল পার্টনার্স। কিন্তু চুক্তিতে কিছু জটিলতা থাকায় মালিকানা হস্তান্তরের প্রক্রিয়াটি আটকে যায়। নিশ্চয়তা নিয়েও সংশয় দেখা দেয়। এরপর কাল সোমানির দ্বিতীয় সর্বোচ্চ দরের অফার গ্রহণ করা হয়। চুক্তি স্বাক্ষরিত হয়। ১০০ শতাংশ মালিকানা পান এই মার্কিন উদ্যোগপতি। সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামে রয়েছেন আমেরিকার আরও দুই ব্যবসায়ী। তাঁরা হলেন ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটন এবং ফোর্ডের মালিক হ্যাম্পরা। জানা যাচ্ছে, সোমানি ছাড়াও আরও ৪ জন রাজস্থান রয়্যালস কেনার দৌড়ে ছিলেন। কিন্তু শেষমেশ মার্কিন ব্যবসায়ী সোমানিই রেকর্ড দামে ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেন। আপাতত এটিই আইপিএলের ইতিহাসের সর্ববৃহৎ চুক্তি বলে মনে করা হচ্ছে।



