Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬

সংসদে মোদিকে ম্যাজিশিয়ান বলে খোঁচা রাহুলের, ক্ষোভ রাজনাথ-রিজিজুর

আজ, শুক্রবার লোকসভায় বক্তব্য রাখার সময় ফের বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী। নাম না করে দেশের প্রধানমন্ত্রীকে ম্যাজিশিয়ান বললেন তিনি।

সংসদে মোদিকে ম্যাজিশিয়ান বলে খোঁচা রাহুলের, ক্ষোভ রাজনাথ-রিজিজুর
  • ১৭ এপ্রিল, ২০২৬ ১৮:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ১৭ এপ্রিল: আজ, শুক্রবার লোকসভায় বক্তব্য রাখার সময় ফের বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী। নাম না করে দেশের প্রধানমন্ত্রীকে ম্যাজিশিয়ান বললেন তিনি। এরপরই সংসদে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি সাংসদরা। এই প্রসঙ্গে স্পিকার ওম বিড়লাও তীব্র সমালোচনা করেন। রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবি জানাতে থাকে গেরুয়া শিবির। জানা গিয়েছে, আজ সংসদে বক্তব্য রাখছিলেন রাহুল। ওঠে বালাকোট, অপারেশন সিন্দুরের কথাও। সেই সময় রাহুল বলেন, ছোট বেলায় তিনি এক যাদুকরের ম্যাজিক শো দেখেছিলেন। সেই সময় যাদুকর একটি ভুল করে ফেলেন। তারপর থেকে তাঁকে আর কেউই বিশ্বাস করেননি। এই বক্তব্যের পরই তীব্র আপত্তি তোলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। রাজনাথ দাবি করেন, প্রধানমন্ত্রীকে ম্যাজিশিয়ান বলা মানে কার্যত অপমাণ করা। এটি একেবারেই নিন্দনীয়। এর জন্য ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে। রিজিজু বলেন, ম্যাজিশিয়ান কথাটি অসংসদীয়। এই কথা সংসদে বলাই যায় না।

Advertisement

কিন্তু শেষমেশ রাহুল ক্ষমা চাননি। তিনি নিজের দাবিতেই অনড় থাকেন। বলেন, জনগণনাকে বাদ দিয়ে লোকসভার সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। যা একেবারেই ঠিক নয়। এই বিল আদতে মহিলাদের অধিকার দেওয়ার জন্য নয়। বরং ভারতের ইলেকটোরাল ম্যাপ বা নির্বাচনী মানচিত্র চিরতরে বদলে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র। এটি আসলে দেশবিরোধী। আমরা এসব কিছুতেই হতে দেব না। বিরোধীরা সরকারের এই ধরণের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করবে। এছাড়া ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসকে এই বিলের সঙ্গে যুক্ত করে কেন্দ্রীয় সরকার সরাসরি রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এই প্রক্রিয়ায় বিশেষ করে দক্ষিণ ভারত-সহ প্রান্তিক গোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিত্ব একেবারেই কমে যাবে। অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে  তফশিলি জাতি, জনজাতি এবং ওবিসিদেরও। তবে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে পরাজিত করবে বলেও মতপ্রকাশ করেন তিনি। একসঙ্গেই তিনি বলেন, মহিলা বিলকে হতিয়ার করে আসলে আপনারা আত্মগোপণের চেষ্টা করছেন। আপনারা কাপুরুষ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ