Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ঘুরে দাঁড়ানোর বার্তা রাহানের

ওয়াংখেড়ে স্টেডিয়ামের হারের আতঙ্ক এবারও কাটাতে ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল শাহরুখ খানের দল।

ঘুরে দাঁড়ানোর বার্তা রাহানের
  • ৩১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামের হারের আতঙ্ক এবারও কাটাতে ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল শাহরুখ খানের দল। মুম্বই ইন্ডিয়ান্সের সামনে ২২১ রানের টার্গেট রেখেও যেভাবে ম্যাচ হারতে হয়েছে, তার জন্য বোলিং বিভাগকেই কাঠগড়ায় তুলছেন বিশেষজ্ঞরা। ম্যাচ শেষে অধিনায়ক অজিঙ্কা রাহানেকে প্রশ্ন করা হয়েছিল, ক্যামেরন গ্রিনকে দিয়ে কেন বল করানো হল না? কেকেআর ক্যাপ্টেন কিছুটা বিরক্তির সুরেই বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞাসা করুন। আমার পক্ষে বলা সম্ভব নয়।’ রাহানের এই মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। কারণ, গ্রিন ইস্যুতে আসরে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, গ্রিন যে আইপিএলের প্রথম দিকে বল করতে পারবে না, সেটা তো জানাই ছিল কেকেআরের। তার পরেও এই ধরনের মন্তব্য অনভিপ্রেত। গ্রিনের পিঠে সমস্যা রয়েছে। কিছুদিন আগে অস্ত্রোপচারও হয়। এখন ক্রমশ সুস্থ হয়ে উঠছে। বল করার জন্য আরও কিছুটা সময় দরকার। ১০-১২ দিন পর ও বোলিং করতে পারবে।

Advertisement

আসলে আবেগ কিংবা জেদের বশে কোনও কাজ করলে পরে আপশোস করতে হয়। কেকেআরের অবস্থা সেরকমই। রাহানের গুসসা করার কিছু নেই। আইপিএলের মিনি নিলামে ক্যামেরন গ্রিন ব্যাটার হিসেবেই নাম নথিভুক্ত করিয়েছিলেন। সেটা যদি কেকেআর টিম ম্যানেজমেন্ট না জানত, তাহলে দায় কার? ক্রিকেট মহলের ধারণা, আন্দ্রে রাসেলকে জোর করে অবসরে পাঠানোর পর একজন দক্ষ অলরাউন্ডারের প্রয়োজন ছিল নাইট শিবিরে। তাই গ্রিনের পিছনে ধাওয়া করা। তবে কোনও যুক্তিতেই অজি ক্রিকেটারটির দর রেকর্ড ২৫.২ কোটি ওঠার কথা নয়। নিলামে গ্রিনকে এত টাকা দিয়ে দলে নেওয়ার পর অনেকে মজা করে বলেছিলেন, শাহরুখ খান টাকাগুলো আরব সাগরে ঢেলে দিলেন। তবে একটা ম্যাচ দিয়ে কাউকে বিচার করা ঠিক নয়। গ্রিন যদি ফিট হয়ে বোলিং শুরু করেন, তাহলে অলরাউন্ডার হিসেবে তাঁর ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ, এবার পেস আক্রমণে নাইটদের বড় সমস্যা রয়েছে। হর্ষিত রানা, আকাশ দীপের চোট পেয়ে ছিটকে যাওয়া দুর্বল করেছে পেস আক্রমণকে। তার উপর দলের সেরা স্পিনার বরুণ চক্রবর্তী এখনও ফর্ম খুঁজে চলেছেন। মুম্বই ম্যাচে একাই তিনি ৪ ওভারে দিয়েছেন ৪৮ রান। ব্লেসিং মুজারাবানি কিংবা অনুকূল রায়, বৈভব অরোরা থেকে কার্তিক ত্যাগী, এক খুরে সবার মাথা কামানো। বোলিংয়ে ফাঁক-ফোকর সারাতে না পারলে কেকেআরের কিন্তু কপালে দুঃখ রয়েছে। হরভজন সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটারদের কথায়, ‘রোহিতকে থামানোর জন্য বিশেষ পরিকল্পনা ছিল না কেকেআরের। আমি হলে অবশ্যই সুনীল নারিনকে দিয়ে শুরুতেই বল করাতাম।’
আসলে নাইটদের ব্যাটিং খুবই শক্তিশালী। অজিঙ্কা রাহানে ওপেনার হিসেবে দলকে ভরসা জোগাচ্ছেন। হাফ-সেঞ্চুরির পর তিনি সমালোচকদের বলেছেন, ‘অনেক ধরে ক্রিকেট খেলছি। এই বয়সে আর নিজেকে প্রমাণ করার ইচ্ছা নেই।’ যাই হোক, টুর্নামেন্ট সবে শুরু। কেকেআরের সামনে ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ। পরের তিনটি ম্যাচই হোমগ্রাউন্ড, ইডেনে খেলবে কেকেআর। বৃহস্পতিবার প্রতিপক্ষ সানরাইজার্স। রাহানের কথায়, ‘মুম্বই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। ভুল শুধরে আমরা ঘুরে দাঁড়ানোর ব্যাপারে যথেষ্ট প্রত্যয়ী।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ