মস্কো: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অপসারণ চাইলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু জেলেনস্কির অপসারণই নয়, তাঁর সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে ইউক্রেনে রাষ্ট্রসঙ্ঘের নজরদারিতে নতুন অস্থায়ী প্রশাসন তৈরির পক্ষেও সওয়াল করেছেন রুশ প্রেসিডেন্ট। পরে সেখানে নতুন করে ভোট করতে হবে। রাশিয়ার নৌবাহিনীর এক বৈঠকে পুতিন বলেছেন, ‘ইউক্রেনে শান্তিপ্রতিষ্ঠার জন্য অস্থায়ী সরকার গঠন করা প্রয়োজন।’ সেই সঙ্গে রণক্ষেত্রে ইউক্রেনের যাবতীয় প্রতিরোধ উড়িয়ে নিজেদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্যও রুশ সেনাকে নির্দেশ দিয়েছেন তিনি।



