আমেদাবাদ: ‘পাঞ্জাব ও বেঙ্গালুরু প্রার্থনা করুক যেন এলিমিনেটরে মুম্বই হেরে যায়!’ বক্তা বীরেন্দ্র সেওয়াগ। আইপিএলের শেষ পর্বে মুম্বই ইন্ডিয়ান্স কতটা ভয়ঙ্কর, তা প্রাক্তন ক্রিকেটারের ভালোই জানা। শুক্রবারের এলিমিনেটরে তা টের পেল গুজরাত টাইটান্স, যাদের এবার কাপ জয়ের অন্যতম দাবিদার ধরা হচ্ছিল। শুভমান গিলদের পরিণতি আরও সতর্ক করে দেবে পাঞ্জাব কিংসকে। কোনও সন্দেহ নেই, রবিবার মোতেরা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইয়ের মুখোমুখি হওয়ার আগে প্রবল স্নায়ুচাপে শ্রেয়স আয়াররা।
মুম্বই দলে তারকার ছড়াছড়ি। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ট্রেন্ট বোল্টরা নিজের দিনে একার হাতে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। তবুও শ্রেয়স ব্রিগেডের যাবতীয় চিন্তা যশপ্রীত বুমরাহকে নিয়ে। এই মুহূর্তে বিশ্বের সেরা পেসারের চার ওভার কাটানোটাই বড় চ্যালেঞ্জ হতে চলেছে প্রীতি জিন্টার দলের কাছে। কঠিন পরিস্থিতিতে মুম্বই অধিনায়কের গো টু বোলার বুমরাহ। আর পরিস্থিতি যত বেশি কঠিন হয়, বুমবুমের হাত থেকে ততটাই ভয়ঙ্কর ডেলিভারি ঠিকরে বেরোয়। শুক্রবারও একটা সময় ম্যাচের রাশ গুজরাতের হাতে ছিল। কিন্তু ১৪তম ওভারে সেট ব্যাটসম্যান ওয়াশিংটনকে বোল্ড করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন যশপ্রীত। পরিসংখ্যান বলছে, ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন এই পেসার। তার আগের পাঁচটি আসরে রোহিত শর্মাদের আইপিএল ট্রফির সংখ্যা ছিল শূন্য। আর এখন পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি।
বুমরাহর পাশাপাশি মুম্বইয়ের বোলিং বিভাগে রয়েছেন ট্রেন্ট বোল্ট, দীপক চাহারের মতো বড় নাম। তরুণ অশ্বিনী কুমারও অভিষেক মরশুমে দাগ কেটেছেন। ক্যাপ্টেন হার্দিক ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারেন। স্পিন বিভাগে আছেন কর্ণ শর্মা। আর রোহিত, সূর্য, তিলক, হার্দিকদের উপস্থিতিতে ব্যাটিং বিভাগ তো রীতিমতো ভয়ঙ্কর। প্লে-অফে একাধিক ক্রিকেটার দেশে ফেরায় পরিবর্ত হিসেবে ওপেনার জনি বেয়ারস্টো ও পেসার রিচার্ড গ্লিসনকে নেওয়া হয়েছে। এলিমিনেটরে তাঁরাও সেরা পারফরম্যান্স মেলে ধরেছেন।
অন্যদিকে, মেগা নিলামে খোলনলচে বদলে যাওয়া পাঞ্জাবও এবার দুর্দান্ত ফর্মে। প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজির প্রথম আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন উস্কে দিয়েছেন নেতা শ্রেয়স আয়ার। কোচ রিকি পন্টিংয়ের ক্রিকেট মস্তিষ্কও প্রখর। তবে প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরুর সামনে মাত্র ১০১ রানে গুটিয়ে লজ্জাজনকভাবে হেরেছিল পাঞ্জাব। সেই ধাক্কা কাটিয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ শ্রেয়সদের। অবশ্য আইপিএলর লিগ পর্বে মুম্বই ইন্ডিয়ান্সকে বড় ব্যবধানেই হারিয়েছিল পাঞ্জাব। রবিবার সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চাইবেন শ্রেয়সরা। ব্যাটিংয়ে পাঞ্জাবের প্রধান স্তম্ভ শ্রেয়স আয়ার। বিচক্ষণ ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। এছাড়া দুই বিধ্বংসী ওপেনার প্রভসিমরণ সিং ও প্রিয়াংশ আর্যকে শান্ত না রাখতে পারলে দুঃখ রয়েছে মুম্বই শিবিরে। এক সময় মুম্বইয়ে খেলে আসা নেহাল ওয়াধেরাও রানের মধ্যে আছেন। এছাড়া মার্কাস স্টোইনিস, ওমরজাইয়ের মতো অলরাউন্ডার যে কোনও দলের কাছে সম্পদ। তবে মার্কো জানসেন দেশে ফিরে যাওয়ায় বোলিং কিছুটা দুর্বল হয়েছে। তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালও চোটের কারণে গত কয়েক ম্যাচে খেলেননি। স্পিনার হরপ্রীত ব্রার সেই অভাব কিছুটা ভরাট করলেও বড় ম্যাচের অভিজ্ঞতা কম। তাই আর্শদীপ সিং, কাইল জেমিসনকে বাড়তি দায়িত্ব নিতে হবে।
খেলা শুরু সন্ধ্য ৭-৩০ মিনিটে।
সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।