


বেঙ্গালুরু: শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক যেন বেঙ্গালুরুর পিছু ছাড়ছে না। এবার ক্লাস চলাকালেই সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রকে সরাসরি ‘জঙ্গি’ বলে বসলেন অধ্যাপক। কর্ণাটকের রাজধানী শহরের পিইএস বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। জানা গিয়েছে, গত মঙ্গলবার ক্লাস চলাকালে আফ্ফান নামে ওই পড়ুয়া বাইরে বেরোনোর অনুমতি চেয়েছিলেন। তাতেই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন মুরলীধর দেশপাণ্ডে নামে ওই অধ্যাপক। ভরা ক্লাসেই তিনি আপত্তিকর ভাষায় ওই পড়ুয়াকে তিরস্কার করেন। অধ্যাপক বলেন, ‘তোমার লজ্জা করে না? ভেবেছিলাম আজ সারাদিন শান্ত থাকব। কিন্তু এই জঙ্গি তা হতে দিল না।’ এখানেই থামেননি মুরলীধর। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তিনি আরও বলেন, ‘ইরান থেকে আসা এইসব লোকেদের জন্যই যত অশান্তি। ডোনাল্ড ট্রাম্পের উচিত তোমাকে এসে এখান থেকে নিয়ে যাওয়া। নরকেও ঠাঁই হবে না।’
গোটা ঘটনাই অন্য এক ছাত্র ভিডিও রেকর্ড করেন। সেই ভিডিও সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একথা জানিয়ে বলেছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
অধ্যাপকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাঁদের একাংশ বলছেন, অধ্যাপক যেভাবে আফ্ফানকে নিশানা করেছেন তার নেপথ্যে অন কারণও থাকতে পারে। অভিযুক্ত অধ্যাপক দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। তিনি গবেষকও। তাঁর মতো একজন শিক্ষকের কোনও পড়ুয়া সম্পর্কে এহেন মন্তব্য মেনে নেওয়াই যায় না।
নিগৃহীত ছাত্রের পাশাপাশি কংগ্রেসের ছাত্র সংগঠনও ওই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, অভিযুক্ত অধ্যাপককে নিগৃহীত পড়ুয়ার কাছে ক্ষমা চাইতে হবে। উপাচার্য বলেছেন, এধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আগে কখনও ঘটেনি।