Bartaman Logo
১৫ জুন, ২০২৬

গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন প্রধানমন্ত্রীর, বাংলায় ভোট প্রচার সেরেই যোগীরাজ্যে

গঙ্গাবক্ষে ভ্রমণ, ফোটোগ্রাফি এবং হাওড়া ব্রিজের দৃশ্যমানতায় ফোটোসেশন। বাংলায় ভোটপ্রচারে এসে পর্যটনের সব বিলাসিতাই হল।

গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন প্রধানমন্ত্রীর, বাংলায় ভোট প্রচার সেরেই যোগীরাজ্যে
  • ৩০ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গঙ্গাবক্ষে ভ্রমণ, ফোটোগ্রাফি এবং হাওড়া ব্রিজের দৃশ্যমানতায় ফোটোসেশন। বাংলায় ভোটপ্রচারে এসে পর্যটনের সব বিলাসিতাই হল। কিন্তু ফিরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার উত্তরপ্রদেশে প্রয়াগরাজ থেকে মিরাট পর্যন্ত গঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন। ২০২১ সালে তিনিই শিলান্যাস করেছিলেন। ৩৬ হাজার কোটি টাকার প্রকল্প সম্পূর্ণ হয়ে গেল পাঁচ বছরে। বুধবার সেই সাড়ে ৬০০ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের উদ্বোধন হল। ২০২১ সাল থেকে ২০২৬ সালের মধ্যে বাংলায় তিনটি নির্বাচন হয়ে গেল। কোনোবারই ভোটের আগে অথবা পরে গঙ্গা এক্সপ্রেসওয়ের ধাঁচে মেগা হাইওয়ের উদ্যোগ নেয়নি কেন্দ্র। বুধবার উদ্বোধন করা এক্সপ্রেসওয়ের অনুষ্ঠানে গিয়ে মোদি অবশ্য পশ্চিমবঙ্গের কথা ভোলেননি। তিনি দফায় দফায় বাংলার কথা উল্লেখ করেছেন। তবে সেটি ভোটের কথা। রেকর্ড ভোট পড়েছে বিহারে। এনডিএ বিপুল জয় পেয়েছে। বাংলায় বিজেপির ঐতিহাসিক জয় নিয়েও মোদি পূর্বাভাস দিয়েছেন। বলেছেন, এরকম অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গত ৭০ বছরে বাংলা দেখেনি। এই দাবি করার মাধ্যমে মোদি বস্তুত বার্তা দিলেন যে, কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর সাফল্যের কারণেই এই শান্তিপূর্ণ ও অবাধ ভোট হতে পেরেছে। কিন্তু ওই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী একবারও একথা বলেননি যে, এরকম একটি এক্সপ্রেসওয়ে এবার বাংলাতেও হবে। এই এক্সপ্রেসওয়ে যদিও উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির তত্ত্বাবধানে হয়েছে, কিন্তু এটি কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের অন্তর্গত। এই প্রকল্পের রূপায়ণ করেছে প্রধানত বেসরকারি সংস্থা। অর্থাৎ প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ। উত্তরপ্রদেশে রয়েছে যমুনা, আগ্রা, বুন্দেলখণ্ড, পূর্বাঞ্চল, তাজ এবং গঙ্গা এক্সপ্রেসওয়ে। বিগত ১৫ বছরে কেন্দ্রীয় সরকার বাংলার জন্য একটিও গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে তৈরি করেনি। ২০২৬ সালের বাজেটে একটি ইন্ডাস্ট্রিয়াল করিডর ঘোষণা করা হয়েছে। যা ডানকুনি পর্যন্ত আসবে। ছবি: পিটিআই

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ