Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁকরাইলে তৈরি হবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বরাদ্দ ৮ কোটি টাকা

একদশক আগেও ঝাড়গ্রামে স্বাস্থ্য পরিষেবা ছিল বেহাল। পরিবর্তনের সরকারের হাত ধরে ধীরে ধীরে বদলাতে থাকে হাল

সাঁকরাইলে তৈরি হবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বরাদ্দ ৮ কোটি টাকা
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: একদশক আগেও ঝাড়গ্রামে স্বাস্থ্য পরিষেবা ছিল বেহাল। পরিবর্তনের সরকারের হাত ধরে ধীরে ধীরে বদলাতে থাকে হাল। মেডিক্যাল কলেজ, সুপার স্পেশালিটি গড়ে ওঠে। পরিকাঠামো উন্নয়নের ধারা বজায় রেখে সাঁকরাইল ব্লকের রোহিণীতে এবার ৮ কোটি ২৬ লক্ষ টাকা খরচে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে। এতে ব্লকের প্রত্যন্ত এলাকার ৪০ হাজারের উপর মানুষ উপকৃত হবে। 

Advertisement

জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, সাঁকরাইল ব্লকের রোহিণী এলাকায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গড়ে তোলা হবে। অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে। 
ঝাড়গ্রামে স্বাস্থ্য পরিষেবা বলতে ছিল গুটিকয়েক হাসপাতাল। চিকিৎসার জন্য জেলার বাসিন্দাদের পাশের জেলায় ছুটতে হতো। গ্ৰামীণ এলাকার মানুষ চিকিৎসা পরিষেবা না পাওয়াকে ভবিতব্য বলে মেনে নিয়েছিলেন। মাওবাদীদের সন্ত্রাসের সময় জেলার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। খুনোখুনির রাজনীতি, রাস্তা অবরোধ, অ্যাম্বুলেন্স পরিষেবার ঘাটতি, আতঙ্কের পরিবেশ চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের কাজে যোগদানে অনীহা বাড়িয়ে দেয়। চিকিৎসা পরিষেবা না পেয়ে জেলাবাসীকে যার খেসারত দিতে হয়। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সেই ছবি পাল্টে যায়। ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালকে ২০১২ সালে জেলা হাসপাতালে পরিণত করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে জেলায় সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করেন। জেলা হাসপাতালের সঙ্গে পরবর্তীতে সুপার স্পেশালিটি হাসপাতাল একীভূত হয়। অল্প সময়ের মধ্যে তিনটি ৩০০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল চালু করা হয়েছে। ঝাড়গ্রাম ও লালগড়ে নার্সিং ট্রেনিং স্কুল গড়ে উঠেছে। ব্লক হাসপাতালগুলিকে রুরাল হাসপাতালে পরিণত করা হয়েছে। সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে অসুস্থ নবজাতকদের কেয়ার ইউনিট(এসএনসিইউ), ১২শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ২৪ ঘণ্টার ফ্রি সিটি স্ক্যান ও ডায়ালিসিস পরিষেবা গড়ে তোলা হয়েছে। সাঁকরাইলের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল ব্লকে চিকিৎসা পরিষেবার পরিকাঠামো গড়ে তোলার। সাঁকরাইল ব্লকের গ্রামগুলি থেকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের দূরত্ব প্রায় ৩৫ কিমি। বেলিয়াবেড়ার তপসিয়া গ্রামীণ হাসপাতালটিও ২৫ কিলোমিটার দূরে। ভাঙাগড়া গ্রামীণ হাসপাতালের দূরত্বও প্রায় ২৫ কিলোমিটার। সাঁকরাইল পঞ্চায়েত সভাপতি ঝনু বেরা বলেন, ব্লকের বাসিন্দাদের প্রাথমিক চিকিৎসার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে ভাঙাগড়া যেতে হয়। বড় কিছু হলে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটতে হয়। ব্লকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি গড়ে তোলা খুব জরুরি ছিল। 
রোহিণী এলাকার বাসিন্দা কাঞ্চন মাহাত বলেন, ভাঙাগড়ায় আমাদের চিকিৎসার জন্য যেতে হয়। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি হলে এই এলাকার মানুষের খুব উপকার হবে। 
ঝাড়গ্রামের সিএমওএইচ ভুবনচন্দ্র হাঁসদা বলেন, অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে। শুধুমাত্র ওয়ার্ক অর্ডার বাকি আছে। ওপিডির পৃথক ভবন ও কোয়ার্টার তৈরি করা হবে। ব্লকের বাসিন্দারা উপকৃত হবেন। এছাড়া ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপর চাপ কমবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ