Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরোহিত, মোয়াজ্জিন ভাতা বেড়ে ২ হাজার

পুরোহিত এবং মোয়াজ্জিন ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধি করল রাজ্য সরকার। এবার থেকে প্রতি মাসে তাঁরা ২,০০০ টাকা করে পাবেন।

পুরোহিত, মোয়াজ্জিন ভাতা বেড়ে ২ হাজার
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরোহিত এবং মোয়াজ্জিন ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধি করল রাজ্য সরকার। এবার থেকে প্রতি মাসে তাঁরা ২,০০০ টাকা করে পাবেন। রবিবার নির্বাচন ঘোষণার কয়েক ঘণ্টা আগে এক্স হ্যান্ডেলে তাঁর সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে উপকৃত হবেন প্রায় ৬০ হাজার মানুষ। যাঁদের মধ্যে মোয়াজ্জিনের সংখ্যা ২৮ হাজার ৮০০’র বেশি। 

Advertisement

প্রশাসনিক মহল জানাচ্ছে, চালু হওয়ার পর থেকে এনিয়ে দু’বার বাড়ানো হল মোয়াজ্জিন এবং পুরোহিত ভাতা। এর আগে এক হাজার থেকে ভাতা বাড়িয়ে করা হয়েছিল দেড় হাজার টাকা। এবার ফের ৫০০ টাকা বাড়ানো হল। পুরোহিত ভাতা দেওয়ার দায়িত্বে রয়েছে তথ্যসংস্কৃতি দপ্তর। আর মোয়াজ্জিন এবং ইমামদের আর্থিক সহায়তা পৌঁছে দেয় সংখ্যালঘু উন্নয়ন দপ্তর। রবিবার ছুটির দিন হলেও মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই বর্ধিত হারে উপভোক্তাদের টাকা পাঠানোর তোড়জোড় শুরু করে দিয়েছেন দুই দপ্তরের আধিকারিকরা। 
রাজ্যের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে পুরোহিত ও মোয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘এই সিদ্ধান্ত তাঁদের কাজের স্বীকৃতি হিসাবেই নেওয়া হয়েছে।’ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, পুরোহিত ও মোয়াজ্জিনদের জমা করা নতুন আবেদনগুলিও রাজ্য সরকার অনুমোদন করেছে। ফলে আরও বহু ব্যক্তি এই ভাতার আওতায় আসতে চলেছেন। 
মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার সব সম্প্রদায় ও ধর্মীয় ঐতিহ্যকে সমানভাবে সম্মান ও মর্যাদা দিতে বদ্ধপরিকর। সমাজের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষায় যাঁরা কাজ করছেন, তাঁদের প্রাপ্য স্বীকৃতি ও সহায়তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।’
ক্ষমতায় আসার এক বছরের মাথায়, ২০১২ সালের এপ্রিলে মোয়াজ্জিনদের ভাতা দিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এছাড়া, ইমামরা প্রতি মাসে পান তিন হাজার টাকা। কয়েক বছর আগে তাঁদের ভাতাও বৃদ্ধি করা হয়েছে। 

সম্পর্কিত সংবাদ