ওয়াশিংটন: এবারই প্রথম নয়। ৪৫ বছর আগেও ওয়াশিংটনের হিলটন হোটেলে মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বন্দুকবাজ। সেই সময় প্রেসিডেন্ট পদে ছিলেন রোনাল্ড রেগন। শনিবার রাতে একই হোটেলের বলরুমে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে এক ব্যক্তি। তারপরেই রেগনের উপর সেই হামলা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। কী ঘটেছিল ৪৫ বছর আগে? এফবিআইয়ের আর্কাইভ অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মার্চ একটি অনুষ্ঠান উপলক্ষ্যে হিলটন হোটেলে এসেছিলেন রোনাল্ড রেগন। কিন্তু তিনি সেখান থেকে বেরতেই জন হিনকলে জুনিয়র নামে এক ব্যক্তি রেগনকে লক্ষ্য করে ছ’টি গুলি চালায়। একটি গুলি প্রেসিডেন্টের লিমুজিনে লাগার পর ছিটকে রেগনের বুকে লাগে। প্রথমে বিষয়টি বোঝা যায়নি। কিন্তু কিছুক্ষণ পর রেগন রক্তবমি করতে শুরু করেন। তার পরেই বিষয়টি জানাজানি হয়। ১২ দিন হাসপাতালে কাটিয়ে হোয়াইট হাউসে ফেরেন তিনি। ওই হামলায় রেগন ছাড়াও তাঁর প্রেস সেক্রেটারি, সিক্রেট সার্ভিসের এক সদস্য এবং এক পুলিশকর্মী গুলিবিদ্ধ হন। এর পরে হিলটন হোটেলের নকশায় বেশ কিছু পরিবর্তন করা হয়। আপৎকালীন পরিস্থিতির জন্য তৈরি করা হয় নতুন প্রেসিডেন্সিয়াল স্যুইট। শনিবারের হামলার পরেও ওই স্যুইটেই রাখা হয় ট্রাম্পকে। আরও পরে প্রেসিডেন্টের লিমুজিন রাখার জন্য একটি সুরক্ষিত গ্যারাজ তৈরি করা হয়। ওই গ্যারাজ থেকে সরাসরি একটি সিঁড়ি ও এলিভেটর প্রেসিডেন্সিয়াল স্যুইটে উঠে গিয়েছে।



