


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্যাসের পর কি এবার পেট্রল-ডিজেলের দাম বাড়াচ্ছে কেন্দ্র? রান্নার গ্যাস ও অটোর এলপিজির দাম বাড়ানোর ছেঁকায় ইতিমধ্যেই নাজেহাল আম জনতা। মাত্র ২০ দিনেই অটোর গ্যাসের দাম বেড়েছে ১৬ থেকে ১৭ টাকা। প্রথমে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা, তারপরই শুরু হয়েছে ঘাটতি। সেইসঙ্গে পশ্চিম এশিয়ার বারুদের গন্ধে কার্যত টালমাটাল মোদির অর্থনীতিও। বৃহস্পতিবার শেয়ার বাজারের ধসে উড়ে গিয়েছে লগ্নিকারীদের ১২ লক্ষ কোটি টাকা। পাল্লা দিয়ে ডলারের নিরিখে রেকর্ড তলানিতে টাকার দরও। চোরাগোপ্তা বেড়ে চলেছে খাদ্যপণ্যের প্যাকিং চার্জ। অর্থাৎ, হেঁশেল পর্যন্ত পৌঁছে গিয়েছে মূল্যবৃদ্ধির আঁচ। এই পরিস্থিতিতে শুক্রবার আচমকাই প্রিমিয়াম বা পাওয়ার পেট্রলের দাম বাড়িয়ে দিল কেন্দ্র। লিটারে ২ টাকা। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহারযোগ্য ডিজেলের দাম বৃদ্ধির ঠিক পরই। আর সেইসঙ্গে প্রশ্ন উঠে গেল, তাহলে কি পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি এখন সময়ের অপেক্ষা?
দিল্লির দরবারের নানা মহল থেকে ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়া নিয়ে চাপা প্রচার শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে ব্যারেল পিছু ১১৯ ডলার ছুঁয়ে ফেলেছিল ব্রেন্ট ক্রুড। বৃহস্পতিবার তা ১০৮ ডলারে নেমে আসে এবং শুক্রবারও এই অশোধিত তেলের আন্তর্জাতিক দর ছিল ১০৫ ডলারের উপর। বিরোধীদের অভিযোগ, এতদিন আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ার সুরাহা মানুষ পায়নি। কিন্তু এই অজুহাতে এখন পেট্রল-ডিজেলের দাম বাড়াতে চাইছে কেন্দ্র। প্রিমিয়াম পেট্রল ঊর্ধ্বমুখী হওয়ায় ইতিমধ্যে কলকাতায় এর দাম হয়েছে ১১৪.৯৫ টাকা। ফলে সাধারণ পেট্রলের সঙ্গে প্রিমিয়ামের ফারাক ৯ টাকা ৫৪ পয়সার। দামের এই পার্থক্য ৭ টাকা থাকাকালীনই মোট বিক্রির মাত্র ১০ শতাংশ বিক্রি হত প্রিমিয়াম পেট্রল। এবার তা আরও কমবে বলেই জানিয়েছেন পশ্চিমবঙ্গ পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্যাণ মান্না। তবে বাণিজ্যিক ডিজেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে। কারণ, এর উপর ব্যাপকভাবে নির্ভর করে উৎপাদন, লজিস্টিকস এবং বিদ্যুৎ সেক্টর। স্বাভাবিকভাবেই এর জেরে মূল্যবৃদ্ধির সূচক আরও ঊর্ধ্বমুখী হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে সকলের নজর এখন পেট্রল-ডিজেলের দামের দিকে। কারণ, প্রিমিয়াম পেট্রল ও বাণিজ্যিক ডিজেলের পর যদি আম জনতার পেট্রল-ডিজেলের দাম বাড়ে, তার প্রভাব পড়বে খাদ্য ও নিত্যপণ্যে। শুক্রবার কলকাতায় পেট্রলের দাম ছিল লিটারে ১০৫ টাকা ৪১ পয়সা। আর ডিজেলের ৯২ টাকা ৯০ পয়সা। এমনিতেই গ্যাসের দাম বৃদ্ধির রেশ গিয়ে পড়ছে রান্নাঘরে। বাণিজ্যিক সিলিন্ডারে টান পড়ায় মেনু কাটছাঁট এবং দাম বৃদ্ধির দিকে যেতে হয়েছে পাইস হোটেল থেকে রেস্তরাঁগুলিকে। এবার পেট্রল-ডিজেলের দাম বাড়লে আকাশছোঁয়া বাজার দরের জন্য প্রস্তুত থাকতে হবে সাধারণ মানুষকে।