


নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পোস্টার রাজনীতি নিয়ে কার্যত সরগরম আরামবাগ মহকুমা। আরামবাগ মহকুমার সব বিধানসভাতেই একাধিকবার পোস্টার পড়েছে। ভূমিপুত্র প্রার্থী দাবি করে বুধবার ফের খানাকুলে পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে চঞ্চল্য ছড়িয়েছে। খানাকুলের রামনগর সহ একাধিক জায়গায় সেই পোস্টার দেখা যায় বলে দাবি স্থানীয়দের। যদিও কে বা কারা পোস্টার দিয়েছে তার উল্লেখ সেখানে করা হয়নি।
পোস্টারে লেখা হয়েছে, ‘খানাকুলের আওয়াজ’। তারপর লেখা হয়- ‘রক্তে আমাদের খানাকুলের টান/বহিরাগত প্রার্থী মানেই আমাদের অপমান/ নিজের লড়াই নিজে লড়ব, পরের ভরসা চাই না/ ঘরের প্রার্থী ছাড়া কাউকে মোরা পাই না’।
আরও লেখা হয়েছে, ‘খানাকুল কি অনাথ আশ্রম? না কি পরের কেনা দাস? ঘরের ছেলে প্রার্থী হোক মিটুক মাটির আশ’। পোস্টারের নীচে লেখা রয়েছে, তৃণমূলের স্লোগান ‘খেলা হবে’।
আর কিছুদিন পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে শাসক ও বিরোধী দলে কে প্রার্থী হবে, তা নিয়ে জোর জল্পনা চলছে। সমাজ মাধ্যমেও চলছে নানা বিশ্লেষণ। এই আবহে ভূমিপুত্র প্রার্থী চেয়ে পোস্টার পড়ায় জলঘোলা হতে শুরু করেছে। এর আগে পুরশুড়াতেও অজ্ঞাত পরিচয় কেউ ভূমিপুত্র প্রার্থী চেয়ে পোস্টার দেয়। এছাড়া মহকুমার চার বিজেপি বিধায়কের বিরুদ্ধেও নানা পোস্টার পড়েছে।
প্রসঙ্গত, ২০১১ সালে খানাকুলে তৃণমূলের প্রার্থী হয়ে বিধায়ক হন কলকাতার ইকবাল আহমেদ। পরের ভোটেও তিনিই বিধায়ক ছিলেন। ২০২১ এর নির্বাচনে বিজেপির টিকিটে বিধায়ক হন ভূমিপুত্র সুশান্ত ঘোষ। এবারের নির্বাচনে খানাকুলে তৃণমূলের কে প্রার্থী হবেন তা নিয়ে দড়ি টানাটানি চলছে। খানাকুলের মাটি কামড়ে পড়ে থেকে অনেক নেতাই জন সংযোগ করছেন। তাঁদের মধ্যে খানাকুল বিধানসভার বাইরের বাসিন্দা তৃণমূল নেতারাও জনসংযোগে মন দিয়েছেন। তাতেই তাঁদের মধ্যে শাসক দলের কারও প্রার্থী হওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। যদিও এই ব্যাপারে তৃণমূলের তরফে মন্তব্য করা হয়নি। তবে এই পোস্টার তৃণমূলের বলে রাজনৈতিক মহলের দাবি।
এই ব্যাপারে খানাকুল ১ ব্লক তৃণমূলের আইএনটিটিইউসির সভাপতি সৌরভ ভট্টাচার্য বলেন, এদিন রামনগর এলাকায় একটি পোস্টার দেওয়া হয়েছে। সেখানে ভূমিপুত্র প্রার্থীর কথা বলা হয়েছে। দল ঠিক করবে কে প্রার্থী হবেন। কিন্তু এই পোস্টারের পিছনে বিজেপির হাত রয়েছে। গেরুয়া শিবিরের মুখোশ খুলে দিয়েছি আমরা। মানুষের সমর্থনও পাচ্ছি বিপুলভাবে। তাই দলের মধ্যে ভাঙন ধরাতে বিজেপির তরফে এই রকম বিভ্রান্তিমূলক পোস্টার দেওয়া হয়েছে। কিন্তু তাতে তাদের উদ্দেশ্য সফল হবে না।
পাল্টা বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। তাদের লোকেরাই ভূমিপুত্র প্রার্থী চেয়ে পোস্টার দিয়েছে। এরসঙ্গে বিজেপির কোনো যোগ নেই। তৃণমূল দিশেহারা হয়ে গিয়েছে। তাই বিজেপির নামে মিথ্যে অভিযোগ করছে। নিজস্ব চিত্র