নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোচবিহারের হরিণচওড়া এলাকায় পুলিসের মারে এক মহিলার মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের করে যথাযথ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, ‘এই ঘটনার সঙ্গে পুলিস যুক্ত কি না, সেটাই তদন্ত সাপেক্ষ।’

গত জানুয়ারি মাসে হরিণচওড়া বাঁধ এলাকায় পুলিসের গাড়ির চালকের সঙ্গে মৃতার বড় ছেলে আমজাদ আলির বচসা বাধে। সেই ঘটনার জেরেই ১৮ জানুয়ারি রাত পৌনে একটা নাগাদ কোতোয়ালি থানার ২০ থেকে ২২ জনের পুলিস বাহিনী আমজাদের বাড়িতে হানা দেয়। অভিযোগ, তখন পুলিসের মারধর ও অত্যাচারে মহিলার মৃত্যু হয়েছে। এরপর আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় ওই পরিবার। সোমবার বিচারপতি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করতে বলেছেন এবং রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিন পরিবারের তরফে আইনজীবী শামিম আহমেদ আদালতে অভিযোগ করেন, আবেদনকারীর পরিবারের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনে রাতে পুলিস তল্লাশি চালায়। সেই সময় ওই মহিলাকেও মারধর করা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তাঁর। তবে রাজ্যের তরফে আইনজীবীর দাবি, এটা আকস্মিক ঘটনা। ওই মহিলার গুরুতর হৃদরোগ ছিল। উত্তেজনাবশত হৃদরোগের কারণে তাঁর মৃত্যু ঘটেছে। যে কারণে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে। ২৭ মার্চ মামলার পরবর্তী শুনানি।