Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যানজট-দুর্ঘটনা রুখতে ১৬ নম্বর জাতীয় সড়কে ৫টি ফুটব্রিজের প্রস্তাব পুলিশের

১৬ নম্বর জাতীয় সড়কে জঙ্গলপুর থেকে ধূলাগড় পর্যন্ত দিনের ব্যস্ত সময়ে যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ আটকে থাকছে ছোটো গাড়ি, বাস, ট্রাক।

যানজট-দুর্ঘটনা রুখতে ১৬ নম্বর জাতীয় সড়কে ৫টি ফুটব্রিজের প্রস্তাব পুলিশের
  • ৩ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: ১৬ নম্বর জাতীয় সড়কে জঙ্গলপুর থেকে ধূলাগড় পর্যন্ত দিনের ব্যস্ত সময়ে যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ আটকে থাকছে ছোটো গাড়ি, বাস, ট্রাক। এই রাস্তার বিভিন্ন অংশে ছোটো ছোটো ক্রসিং রয়েছে। যেখান দিয়ে জাতীয় সড়কের দু’পাড়ের মানুষ কেউ হেঁটে, কেউ সাইকেলে, কেউ বা বাইকে করে পারাপার করেন। অসংখ্য ছোটখাটো গাড়িও যাতায়াত করে ওই মোড় দিয়ে। ফলে জাতীয় সড়কে নিমেষে যানজট ছড়িয়ে পড়ে বহুদূর পর্যন্ত। সেইসঙ্গে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যানজট ও একইসঙ্গে দুর্ঘটনা এড়াতে তৎপর হয়েছে হাওড়া সিটি পুলিশ। তারা ধূলাগড় থেকে জঙ্গলপুর পর্যন্ত পাঁচটি ফুট ওভারব্রিজ তৈরির প্রস্তাব পাঠিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে। এই ধরনের রাস্তায় কোনো সেতু তৈরি করতে হলে তার যাবতীয় খরচ বহন করার কথা জাতীয় সড়ক কর্তৃপক্ষের।

Advertisement

জঙ্গলপুর থেকে ধূলাগড় পর্যন্ত ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে একাধিক কারখানা রয়েছে। সেসব কারখানায় চারটি শিফটেই কাজ হয়। প্রচুর মানুষ এখানে কাজ করতে আসেন। ফলে প্রতিদিনই এই রাস্তায় গা঩ড়ির সংখ্যা বাড়ছে। জাতীয় সড়কের পিছনের অংশে রয়েছে জনবসতি। বিভিন্ন কাজে রাস্তা পারাপার করতে হয় স্থানীয় বাসিন্দাদের। যে কারণে জঙ্গলপুর মোড় থেকে ধূলাগড় পর্যন্ত একাধিক সিগন্যাল চালু করে পুলিশ। সেই সিগন্যাল লাল হয়ে গেলেও বহু মানুষ রাস্তা পারাপার করায় থমকে থাকে গাড়ি। সমস্যা চরমে ওঠে সকাল ও সন্ধ্যায় অফিস টাইমে। একদিকে এলাকার মানুষ, অন্যদিকে কারখানার শ্রমিকরা রাস্তা পারাপার করায় সিগন্যাল আটকে রাখতে হচ্ছে দীর্ঘক্ষণ। জট আরও পাকছে জাতীয় সড়কের উপরে থাকা একটি হাটের কারণে। সেখানে প্রচুর মানুষ ও গাড়ি আসায় যানজট সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। দু’-তিন মিনিটের মধ্যেই যানজট ছড়িয়ে যাচ্ছে তিন থেকে চার কিলোমিটার। সেই সময় জঙ্গলপুর থেকে ধূলাগড় পৌঁছতে সময় লাগছে ঘণ্টাখানেক।
যানজটের কারণ বিশ্লেষণ করতে গিয়ে হাওড়া সিটি পুলিশের কর্তাদের নজরে এসেছে, পথচারীরা নিয়ম না মেনে রাস্তা পারাপার করায় এই সমস্যা তৈরি হচ্ছে। যার জেরে এখানে প্রায়ই দুর্ঘটনা লেগে থাকছে। মৃত্যু পর্যন্ত হচ্ছে। এই সমস্যার মোকাবিলায় ফুট ওভারব্রিজ তৈরির পরিকল্পনা করেছে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগের আধিকারিকরা। যেহেতু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই) জাতীয় সড়ক দেখভাল করে, তাই তাদের এই ফুট ওভারব্রিজ তৈরির প্রস্তাব দিয়েছে হাওড়া সিটি পুলিশ। এ নিয়ে তাদের সঙ্গে একপ্রস্থ কথাও হয়েছে পুলিশের আধিকারিকদের। কোন কোন জায়গায় ব্রিজ তৈরি করতে চাইছে পুলিশ, তা ওই প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। কোন সময়ে যানজটের কী পরিস্থিতি থাকছে, সেই তথ্যও তুলে ধরেছে পুলিশ। কর্তাদের আশা, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করবে।

সম্পর্কিত সংবাদ