Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিশ পর্যবেক্ষকদের নজরে এবার সমস্ত থানা এলাকার ‘বিগ ফিশ’রা

ট্রাবল মঙ্গার (ঝামেলাবাজ), হিস্ট্রি শিটারের (নথিভুক্ত বা দাগি অপরাধী) পর পুলিশ পর্যবেক্ষকদের নজরে এবার সক্রিয় সমস্ত ‘বিগ ফিশ’ (রাঘববোয়াল বা প্রভাবশালী)।

পুলিশ পর্যবেক্ষকদের নজরে এবার সমস্ত থানা এলাকার ‘বিগ ফিশ’রা
  • ২০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: ট্রাবল মঙ্গার (ঝামেলাবাজ), হিস্ট্রি শিটারের (নথিভুক্ত বা দাগি অপরাধী) পর পুলিশ পর্যবেক্ষকদের নজরে এবার সক্রিয় সমস্ত ‘বিগ ফিশ’ (রাঘববোয়াল বা প্রভাবশালী)। ট্রাবল মঙ্গারদের মাথায় রয়েছেন তাঁরা। তাঁরাই দাগি অপরাধীদের নিয়ন্ত্রণ করেন। তাঁদের তালিকা চাওয়া হয়েছে থানাগুলির কাছে। পুলিশ সূত্রে এমনটাই খবর। একইসঙ্গে এলাকায় ভোট ম্যানেজারদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে কমিশনের টিম।

Advertisement

ভোটপর্ব শান্তিতে পার করতে একের পর এক পদক্ষেপ করছে কমিশন। ভিন রাজ্য থেকে আসা পুলিশ পর্যবেক্ষকরা এলাকা ঘুরে দেখে বুঝতে পারছেন, শুধু ট্রাবল মঙ্গারদেরই জালে নিলে হবে না, তাদের মাথা অর্থাৎ বিগ ফিশদেরও ধরতে হবে। কারণ নির্বাচনের দিন পিছন থেকে এই বিগ ফিশরাই গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করেন। তাঁদের নির্দেশেই ট্রাবল মঙ্গার বা হিস্ট্রি শিটাররা ভোটারদের ভয় দেখায়, গুলি চালায় বা বোমাবাজি করে। এমনকি বিগ ফিশদের দল ভোটের আগের রাতে এলাকায় এলাকায় গিয়ে দেখে নেয় কোথায় কোন হিস্ট্রি শিটার বা ট্রাবল মঙ্গারকে পাঠাতে হবে, যাতে ভোটাররা ভয়ে না বেরোন। সেই কারণেই বিগ ফিশরা পুলিশ পর্যবেক্ষকদের নজরে চলে এসেছেন। 
পুলিশ পর্যবেক্ষকরা বিভিন্ন থানায় গিয়ে জানতে চাইছেন, সেখানে ট্রাবল মঙ্গার ও দাগি অপরাধীদের নিয়ন্ত্রণ কে বা কারা করছেন। এই ধরনের কটি টিম রয়েছে। এই তালিকা থানার অফিসারদের কাছে চাওয়া হচ্ছে। কমিশনের নির্দেশ, ভোটের দিন তাদের কোনোভাবেই বাইরে রাখা যাবে না। যেভাবেই হোক তাদের ধরে আনতে হবে। 
একইসঙ্গে কমিশনের তরফে বিভিন্ন থানা এলাকায় বেশকিছু বিগ ফিশের নাম পুলিশকে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে কমিশন। পুলিশ পর্যবেক্ষকদের দল বিভিন্ন থানায় জানিয়ে যাচ্ছেন, কতক্ষণের মধ্যে তাঁদের আটক করতে হবে। সেই রিপোর্ট সঙ্গে সঙ্গে তাঁদের প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই রীতিমতো কালঘাম ছুটেছে থানাগুলির। বিগ ফিশ খুঁজতে উঠেপড়ে লেগেছেন অফিসাররা। একইসঙ্গে পুলিশ পর্যবেক্ষকরা জেনেছেন, বিভিন্ন এলাকায় ভোট ম্যানেজাররা রয়েছেন, যাঁরা গোটা ভোট প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেন। প্রতিকূল পরিস্থিতিতে তাঁরা বিগ ফিশদের জানিয়ে দেন, কী করতে হবে। এই ভোট ম্যানেজারদের তালিকা থানাগুলি থেকে জোগাড় করছেন পর্যবেক্ষকরা।

সম্পর্কিত সংবাদ