মুম্বই: মাঝ আকাশেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৮৯ বছরের বৃদ্ধা। তিনি ইন্ডিগোর বিমানে মুম্বই থেকে বারাণসী যাচ্ছিলেন। যাত্রীর মৃত্যুর জেরে রাত ১০টা নাগাদ বিমানটি আওরঙ্গাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। মৃত যাত্রীর নাম সুশীলা দেবী। তিনি উত্তরপ্রদেশের মির্জাপুরের বাসিন্দা। চিকিৎসার জন্য মুম্বইয়ে এসেছিলেন। গত রবিবার রাতের ঘটনা হলেও সোমবার, তা প্রকাশ্যে এনেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বৃদ্ধাকে নামিয়ে পরে বিমানটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
বিমানবন্দর সূত্রে খবর, রবিবার রাত ১০টা নাগাদ সুশীলা দেবী বারাণসী যাওয়ার জন্য মুম্বইয়ের ছত্রপতি সম্ভাজিনগর বিমানবন্দর থেকে ইন্ডিগোর বিমানে ওঠেন। তবে বিমানটি টেক-অফের কিছুক্ষণ পর তিনি অসুস্থবোধ করেন। খানিক পরে তিনি সিটে লুটিয়ে পড়েন। এই অবস্থায় বিমানটি আওরঙ্গাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তাঁকে দ্রুত বিমানবন্দর লাগোয়া একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকরা। ময়নাতদন্তের রিপোর্টে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিস।