নয়াদিল্লি: একটা সময় তিন ফরম্যাটের জন্যই বিবেচিত হত তাঁর নাম। কিন্তু এক বছরে বদলে গিয়েছে ছবিটা। জাতীয় দলে ঋষভ পন্থ অনেকটাই কোণঠাসা। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। কোচ গৌতম গম্ভীরের প্রথম পছন্দ লোকেশ রাহুল। টেস্ট দলেও জায়গা টলমল। তবে পছন্দের টি-২০ ফরম্যাটে কামব্যাকের আশায় ঋষভ। তার জন্য ছাব্বিশের আইপিএল মঞ্চকে কাজে লাগাতে চান। ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার জানেন, ভালো পারফর্ম করতে পারলে আবার তাঁকে নিয়ে চর্চা হবে। নির্বাচকদের উপর চাপ বাড়বে। আর ব্যর্থ হলে কঠিন হবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। তিনি যে মৃত্যুঞ্জয়ী। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর ক্রাচ নিয়ে যখন হাঁটতেন, তখন কেউ ভাবেননি একদিন আবার ব্যাট নিয়ে নামবেন। অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন ঋষভ। এবারও তিনি সংকল্পবদ্ধ। লখনউ সুপার জায়ান্টসের হয়ে তিন নম্বরে ব্যাট করার কথা আগেই জানিয়ে দিলেন।



