Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাক্তারের অভাব, গান্ধী মেমোরিয়ালে ওপেন হার্ট সার্জারি দীর্ঘদিন ধরে বন্ধ

রাজ্যের একমাত্র হৃদরোগ চিকিৎসার হাসপাতাল, অথচ সেখানে নাকি ওপেন হার্ট সার্জারিই হয় না! চিকিৎসক ও কর্মীসঙ্কটে ধুঁকছে কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতাল।

ডাক্তারের অভাব, গান্ধী মেমোরিয়ালে ওপেন হার্ট সার্জারি দীর্ঘদিন ধরে বন্ধ
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দীপন ঘোষাল, কল্যাণী: রাজ্যের একমাত্র হৃদরোগ চিকিৎসার হাসপাতাল, অথচ সেখানে নাকি ওপেন হার্ট সার্জারিই হয় না! চিকিৎসক ও কর্মীসঙ্কটে ধুঁকছে কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। এখানে বছরখানেক ধরে ওপেন হার্ট সার্জারি বন্ধ রয়েছে। একের পর এক চিকিৎসক অবসর নেওয়ায় পরিষেবা ব্যাহত হচ্ছে।

Advertisement

গান্ধী হাসপাতালের সুপার আশিস মৈত্র বলেন, একথা ঠিক যে, ডাক্তার ও অন্য কর্মীদের অভাব রয়েছে। ডাক্তার না থাকায় ওপেন হার্ট সার্জারি বন্ধ রাখতে হয়েছে। কোথায় কত ডাক্তার প্রয়োজন, তার তালিকা বানিয়ে আমরা স্বাস্থ্যদপ্তরের কাছে জমা দিয়েছি। তারা খুব তাড়াতাড়ি চিকিৎসক পাঠানোর আশ্বাস দিয়েছে। আশা করছি, কিছুদিনের মধ্যে এই সমস্যা মিটে যাবে।
কল্যাণীর মতো উন্নত শহরে গান্ধী হাসপাতালের যথেষ্ট গুরুত্ব আছে। হাসপাতালে কোটি কোটি টাকার যন্ত্রাংশ থাকলেও চিকিৎসক ও অন্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা কম থাকায় সেসবের উপযুক্ত ব্যবহার হচ্ছে না। গতবছর এখানকার কয়েকজন মেডিক্যাল অফিসার অবসর নিয়েছেন। এখন সিসিইউতে কোনও মেডিক্যাল অফিসার নেই। আইসিইউ ও জেনারেল ডিউটির মেডিক্যাল অফিসারের প্রায় একডজন শূন্যপদ রয়েছে। সাধারণ মেডিক্যাল অফিসার চাহিদার তুলনায় প্রায় অর্ধেক রয়েছে। এমনকী, হৃদরোগ চিকিৎসার হাসপাতাল হওয়া সত্ত্বেও একজনও চেস্ট ফিজিশিয়ান নেই! হাসপাতালে প্যাথলজিস্ট, টেকনিশিয়ানদের সংখ্যাতেও ঘাটতি রয়েছে। এর ফলেও সমস্যা দেখা দিচ্ছে।
আড়াই বছর আগে গান্ধী হাসপাতালে ২৪শয্যার নতুন ইনটেন্সিভ করোনারি কেয়ার ইউনিট(আইসিসিইউ) চালুর পরিকল্পনা হয়েছিল। কিন্তু এখনও সেই বিভাগ চালু হয়নি। প্রায় ৩০০শয্যার গান্ধী মেমোরিয়াল হাসপাতালে সারা রাজ্যের পাশাপাশি ভিনরাজ্য থেকেও একসময় বহু মানুষ হৃদরোগের চিকিৎসা করাতে আসতেন। কিন্তু এখন হাসপাতালটি ধুঁকছে।
২০২১সালে এখানে প্রথম ওপেন হার্ট সার্জারি বন্ধ হয়ে যায়। পরে কার্ডিওথেরাসিক চিকিৎসক দিয়ে সেই পরিষেবা চালু হয়। এরপর ওই চিকিৎসক অবসর নিলে হৃদরোগ চিকিৎসার হাসপাতালেই ওপেন হার্ট সার্জারি বন্ধ হয়ে যায়।
রাজ্য সরকার স্বাস্থ্যসাথী পরিষেবা আনার পর থেকে উন্নত চিকিৎসার রাজ্যবাসীর হাতের মুঠোয়। এই পরিস্থিতিতে হৃদরোগ চিকিৎসার হাসপাতালে ওপেন হার্ট সার্জারি হয় না-এটা মেনে নেওয়া যায় না বলেই কল্যাণীর বাসিন্দারা জানালেন। তাঁরা তাড়াতাড়ি চিকিৎসক ও কর্মী নিয়োগ করে ধুঁকতে থাকা গান্ধী হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবি তুলেছেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ