নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সরকারের অন্দরে দুই সুর। কয়েকদিন আগেই কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি নাগপুরে এক সভায় বলেছিলেন, দেশে দারিদ্র বাড়ছে। ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে দরিদ্রের সংখ্যা। যা মোদি সরকার এবং বিজেপিকে প্রবল অস্বস্তিতে ফেলেছিল। কারণ এতদিন ধরে প্রধানমন্ত্রী এবং তাঁর পূর্ণ মন্ত্রিসভা বারংবার সভা সমাবেশ প্রচারে বলে আসছে বিগত ১১ বছরে ভারতে দারিদ্র কমিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি। তাহলে কেন্দ্রীয় মন্ত্রীর কণ্ঠে উল্টো সুর কেন? শনিবার ফের গাদকারির বিপরীত অবস্থান নিলেন স্বয়ং মোদি। এদিন রোজগার মেলায় এক ভিডিও বার্তার মাধ্যমে ৫১ হাজার সরকারি চাকরির নিয়োগপত্র বিলি করেছেন প্রধানমন্ত্রী । ভিডিও বক্তৃতায় মোদি বলেছেন, বিগত ১১ বছরে ২৫ কোটি গরিব দারিদ্র সীমার উপরে উঠে এসেছে। এই সাফল্য নিছক সরকারের নয়। ওই ২৫ কোটি মানুষের। প্রতিনিয়ত গরিবের সংখ্যা কমছে ভারতে। আর সেজন্য প্রধান কৃতিত্ব ভারত সরকারের নানাবিধ প্রকল্প। সেইসব প্রকল্পের সুযোগ গ্রহণ করে গরিব ভারতবাসী নিজেদের প্রচেষ্টায় দারিদ্রসীমার উপরে চলে এসেছে। শুধু যে ২৫ কোটি মানুষ নিজেদের উন্নীত করেছে তাই নয়। যত দিন যাচ্ছে ততই গরিবের সংখ্যা কমছে। এটাই নতুন বিকশিত ভারতের ইঙ্গিত। প্রশ্ন হল, একদিকে নীতিন গাদকারি বলছেন গরিব বাড়ছে, আবার মোদি বলছেন, গরিব কমছে। একই সরকার। কোন তথ্য ঠিক?



