নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথমদিনে এই ব্যপক সাড়া দেখে, এবার অফলাইনের পাশাপাশি আনলাইনেও যুবসাথীর আবেদন নেওয়া শুরু করল নবান্ন। রবিবার রাত ১২টায় চালু করে দেওয়া হল অনলাইনে যুবসাথী প্রকল্পের আবেদনের পোর্টাল । আবেদন করা যাবে https://apas.wb.gov.in পোর্টালে । এই পোর্টালে ঢুকে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আধার, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র, পাসপোর্ট সাইজ ছবি এবং একটি কাগজে নিজের নাম সই করে সেই কাগজের ছবি তুলে আপলোড করলেই অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীর ফোন নম্বরে চলে আসবে ওটিপি। সেই ওটিপি দিলেই আবেদন সম্পূর্ণ হবে। শেষে আবেদনের প্রতিলিপি ডাউনলোডও করে নেওয়া যাবে।
গতকাল,রবিবার প্রথম দিনেই ব্যাপক সাড়া পেল মুখ্যমন্ত্রী ঘোষিত যুবসাথী প্রকল্প। রাজ্যের সর্বত্রই স্বনির্ভর বাংলা শিবিরে ছিল ব্যাপক ভিড়। যার বড় অংশই এসেছিলেন যুবসাথী প্রকল্পের ফর্ম তুলতে এবং জমা দিতে। প্রথম দিনেই রাজ্যজুড়ে এই সংখ্যাটা পৌছে গিয়েছিল প্রায় সাড়ে ৫ লক্ষ ৬৬ হাজারে।
প্রথমে রাজ্যের মোট ৭৬৯টি শিবিরে অফলাইনে যুবসাথীর আবেদনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু শিবিরে ভিড় কমাতে এবার শুরু হয়ে গেল অনলাইন আবেদনের ব্যবস্থাও। প্রসঙ্গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যেখানে চাকরির জন্য অপেক্ষা, বা স্বনির্ভর হওয়ার চেষ্টায় থাকা ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীদের এপ্রিল থেকে প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেবে রাজ্য।