Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিহারে এবার বিজেপির মুখ্যমন্ত্রী? রাজ্যসভায় নীতীশ! ৩ মাসেই গেরুয়া আগ্রাসন

বিহারে নীতীশ-যুগ সমাপ্ত হচ্ছে অবশেষে? বদল হতে চলেছে মুখ্যমন্ত্রী? রাজ্যসভার নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার অন্তিম পর্বে আচমকা এই জল্পনা ও চর্চায় সরগরম বিহার ও জাতীয় রাজনীতি।

বিহারে এবার বিজেপির মুখ্যমন্ত্রী? রাজ্যসভায় নীতীশ! ৩ মাসেই গেরুয়া আগ্রাসন
  • ৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারে নীতীশ-যুগ সমাপ্ত হচ্ছে অবশেষে? বদল হতে চলেছে মুখ্যমন্ত্রী? রাজ্যসভার নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার অন্তিম পর্বে আচমকা এই জল্পনা ও চর্চায় সরগরম বিহার ও জাতীয় রাজনীতি। কিছুদিন ধরে সংযুক্ত জনতা দল (জেডিইউ) সূত্রে শোনা যাচ্ছিল, নীতীশ-পুত্র নিশান্ত কুমার বহু প্রতীক্ষার পর রাজনীতিতে প্রবেশ করতে রাজি হয়েছেন। হতে পারেন রাজ্যসভার সদস্যও। কিন্তু নিমেষের মধ্যে সেই চর্চার অভিমুখ বদলে গিয়ে এখন শোনা যাচ্ছে, নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন। তাঁকে পাঠানো হবে রাজ্যসভায়। অর্থাৎ তাঁর রাজনৈতিক অবসরের একটি সম্মানজনক প্রস্থানপথ তৈরি হতে পারে। কিন্তু কেন্দ্রীয় চরিত্রের নাম যেহেতু নীতীশ কুমার, তাই বিজেপি অথবা জেডিইউ, কোনো পক্ষই খোলাখুলি সিদ্ধান্ত ঘোষণার ঝুঁকি নিচ্ছে না। আজ, বৃহস্পতিবার জেডিইউ সুপ্রিমো রাজ্যসভার মনোনয়নপত্র পূরণ করতে পারেন বলে বিহারে জোরদার গুঞ্জন। আর সেক্ষেত্রে নিশান্ত হবেন উপমুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী পদ পাবে বিজেপি। অর্থাৎ, বিধানসভা ভোটে জেতার মাত্র তিন মাসের মধ্যে গেরুয়া আধিপত্য প্রতিষ্ঠিত হবে বিহারে।

Advertisement

কিন্তু প্রশ্ন হল, এই ফরমুলায় নীতীশ কুমার কি রাজি হয়েছেন? যদি হয়ে থাকেন, তাহলে কেন হয়েছেন? এর আগে মহারাষ্ট্রে এনডিএ ভোটে জিততেই জোটসঙ্গী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেকে উপমুখ্যমন্ত্রী পদে নামিয়ে এনেছিল বিজেপি। নীতীশ কিন্তু সিন্ধে নন। বিধানসভা ভোটে এবার বিপুল আসন পেয়েছেন। তাঁকে কোনো ফরমুলায় বাধ্য করার মতো ক্ষমতা বিজেপি নেই। তিনি বেঁকে বসলে বিহারও যাবে, কেন্দ্রীয় সরকারও হবে টলোমলো। এমতাবস্থায়, পুত্রকে উপমুখ্যমন্ত্রী করে দলের ভবিষ্যৎ সুরক্ষিত করার মডেল অবশ্যই যুক্তিগ্রাহ্য নীতীশ কুমারের কাছে। কিন্তু একবার বিহারের মুখ্যমন্ত্রী পদ বিজেপির কাছে চলে গেলে তা ফিরে পাওয়া একপ্রকার অসম্ভব। বুধবার হোলির দিন জেডিইউ-র কার্যকরী সভাপতি সঞ্জয় ঝা দিল্লি থেকে পাটনা এসে নীতীশ কুমারের সঙ্গে একান্তে দীর্ঘক্ষণ বৈঠক করেন। কেন্দ্রীয় মন্ত্রী ও অন্য জেডিইউ এমপিরাও চলে এসেছেন পাটনায়। বিধায়কদের বিহারেই থাকতে বলা হয়েছে বৃহস্পতিবার। রাজ্যসভায় জোটের সদস্যকে পাঠানোর জন্য প্রয়োজনীয় আসন পর্যাপ্ত পরিমাণে আছে এনডিএ-র কাছে। বিহারে আজ পর্যন্ত বিজেপি এককভাবে ক্ষমতাসীন হতে পারেনি। বরং বারবার শুধু নীতীশ কুমারকে সমর্থন জুগিয়ে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছে। দীর্ঘকাল ধরেই বিজেপির স্বপ্ন, একদিন বিহারের তখত আসবে দলের কাছে। সেই ক্ষণ কি উপস্থিত? নাকি নাটকীয়তার এখনও অনেক অধ্যায় বাকি? 

Advertisement
সম্পর্কিত সংবাদ