


কলম্বো: প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে ইংল্যান্ড। সুপার এইটে গ্রুপ ২ থেকে শেষ চারে ওঠার পথে এগিয়ে গেল নিউজিল্যান্ড। বুধবার প্রেমদাসা স্টেডিয়ামে ব্ল্যাক ক্যাপসরা ৬১ রানে হারাল শ্রীলঙ্কাকে। ১৬৯ রানের টার্গেট তাড়া করতে নেমে অন্যতম আয়োজক দেশ থামল ৮ উইকেটে ১০৭ রানে। এই পরাজয়ের জেরে শেষ চারের লড়াই থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা। সুপার এইটে প্রথম দু’টি ম্যাচেই হেরেছে তারা। ২ ম্যাচে কিউয়িদের পয়েন্ট ৩।
কলম্বোয় এদিন টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড সাত উইকেটে তোলে ১৬৮। অথচ, একসময় ৮৪ রানে ছয় উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল কিউয়িরা। মাহিশ থিকশানার (৩-৩০) ঘূর্ণিতে বেসামাল দেখাচ্ছিল কিউয়িদের। তবে খাদের কিনারা থেকে কিউয়িদের লড়াকু স্কোরে পৌঁছে দেয় সপ্তম উইকেটের জুটি। ক্যাপ্টেন মিচেল স্যান্টনার ও কোল ম্যাককনচি ৪৭ বলে যোগ করেন ৮৪। টি-২০ বিশ্বকাপে সপ্তম উইকেটে যা রেকর্ড। ২৬ বলে ৪৭ করেন স্যান্টনার। ম্যানকনচি অপরাজিত থাকেন ৩১ রানে। জবাবে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত তারা থামে ৮ উইকেটে ১০৭ রানে। সর্বাধিক ৩১ রান করেন কামিন্দু মেন্ডিস। কিউয়িদের সফলতম বোলার রাচীন রবীন্দ্র (৪-২৭)।