Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নরেন্দ্রপুর থানার নতুন আইসি বিজেপি ঘনিষ্ঠ, অভিযোগ তুলে সরব তৃণমূলের, বিধাননগরের পদ্ম-প্রার্থীর বিরুদ্ধে এফআইআর

ভোটের মুখে বিতর্কে জড়ালেন উত্তর ২৪ পরগনার দুই বিজেপি প্রার্থী। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে নতুন আইসিকে ঘিরেও জলঘোলা হয়েছে।

নরেন্দ্রপুর থানার নতুন আইসি বিজেপি  ঘনিষ্ঠ, অভিযোগ তুলে সরব তৃণমূলের, বিধাননগরের পদ্ম-প্রার্থীর বিরুদ্ধে এফআইআর
  • ১৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা, বারাকপুর, বিধাননগর: ভোটের মুখে বিতর্কে জড়ালেন উত্তর ২৪ পরগনার দুই বিজেপি প্রার্থী। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে নতুন আইসিকে ঘিরেও জলঘোলা হয়েছে। বৃহস্পতিবার নরেন্দ্রপুর থানার আইসি সুরেন্দ্র সিংহকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে প্রসেনজিৎ বিষ্ণুকে। এই সিদ্ধান্তে সরব হয়েছে তৃণমূল। সোনারপুর উত্তরের তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগম শুক্রবার সাংবাদিক বৈঠকে দাবি করলেন, নতুন আইসি বিজেপি ঘনিষ্ঠ। তাঁকে সরিয়ে নিরপেক্ষ কাউকে দায়িত্ব দেওয়া উচিত। প্রার্থীর প্রশ্ন, কিসের ভিত্তিতে আগের আইসিকে সরানো হল তা জানা নেই। নির্বাচন কমিশন অবাধ ও নিরপেক্ষভাবে ভোট করাতে চাইছে অথচ এমন একজনকে এখানে আনা হয়েছে যার সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা আছে। এই মর্মে আবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

পাশাপাশি দুই বিজেপি প্রার্থীর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। জগদ্দলের বিজেপি প্রার্থী ডঃ রাজেশ কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম। তাঁর দাবি, রাজেশ কুমার সম্প্রতি বলেছেন, তৃণমূলের ছেলেদের লাইট পোস্টে ঝুলিয়ে পেটাবেন। তিনি শান্ত জগদ্দলকে অশান্ত করতে চান। আইনশৃঙ্খলা অবনতি হলে প্রার্থী দায়ী থাকবেন। তাই নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছি। এদিন ৩২ নম্বর ওয়ার্ডে জনসংযোগে বেরিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করেন সোমনাথ শ্যাম। অন্যদিকে, শ্যামনগরের এক প্রবীণ কংগ্রেস নেতার সঙ্গে বিজেপি প্রার্থীর সাক্ষাৎ ঘিরে জল্পনা ছড়িয়েছে। সেখানেই শেষ নয়। ৪ মে  ‘প্রতিশোধ দিবস’ করার হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন বিধাননগরের বিজেপি প্রার্থী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জেলা নির্বাচনি দপ্তর আইনি পদক্ষেপের জন্য বিষয়টি বিধাননগর কমিশনারেটে জানান। বুধবার লেকটাউন থানা বিজেপি প্রার্থী শারদ্বতের বিরুদ্ধে এফআইআর রুজু করে। একটি ভিডিয়ো দিয়ে ওই অভিযোগ করা হয়েছে। যে ভিডিয়োতে শারদ্বত বলেছেন, ‘এবার আমরা আসব। ২১ এর প্রতিবাদ আর প্রতিশোধ সব হবে...সব জলের হিসাব হবে, এক এক ফোঁটার হিসাব হবে। ২১ এর আজ প্রতিবাদ দিবস আর ৪ মে হবে প্রতিশোধ দিবস।’এফআইআর প্রসঙ্গে বিজেপি প্রার্থী ডাঃ শারদ্বত বলেন, আমি তৃণূমলের মতো ৪ মে মারধর করার কথা বলিনি। আমি বলেছি, ২১ সালের নির্বাচনের পর আমাদের কর্মীদের উপর যে অত্যাচার হয়েছিল, সেই অন্যায়ের পুরনো ফাইল ওপেন করা হবে। আইনি প্রতিশোধ নেব।

Advertisement
সম্পর্কিত সংবাদ