Bartaman Logo
৯ জুন, ২০২৬

আজ দেশজুড়ে নিট-ইউজি, ভুল এড়াতে পরীক্ষাকেন্দ্রে চলল মহড়া

আজ রবিবার দেশজুড়ে মেডিক্যালে ভর্তির অভিন্ন পরীক্ষা নিট-ইউজি আয়োজিত হতে চলেছে। প্রবেশিকা পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করাই লক্ষ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র।

আজ দেশজুড়ে  নিট-ইউজি, ভুল  এড়াতে পরীক্ষাকেন্দ্রে চলল মহড়া
  • ৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আজ রবিবার দেশজুড়ে মেডিক্যালে ভর্তির অভিন্ন পরীক্ষা নিট-ইউজি আয়োজিত হতে চলেছে। প্রবেশিকা পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করাই লক্ষ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র। গতবারের মতো ‘ভুলচুক’ যাতে না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। আর তাই শনিবার পরীক্ষাকেন্দ্রগুলিতে চলল মক ড্রিল বা মহড়া। খতিয়ে দেখা হল মোবাইল সিগন্যাল জ্যামার, বায়োমেট্রিক অথেন্টিকেশন সহ একাধিক ব্যবস্থা। এবার সারা দেশে পাঁচশোর বেশি শহরে ৫ হাজার ৪৫৩টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ২২ লক্ষ ৭০ হাজারের বেশি পড়ুয়া পরীক্ষায় বসার জন্য নাম নথিভুক্ত করেছেন। এদিন দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিন ঘণ্টা ধরে পরীক্ষা চলবে। দেড়টার মধ্যে ঢুকে যেতে হবে পরীক্ষাকেন্দ্রে।

Advertisement

গতবছর নিট ইউজির প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে চরম বিতর্ক দেখা দিয়েছিল। ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সিবিআই। এমনকী পরীক্ষা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টেও মামলা করা হয়েছিল। আর যেন তার পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে এবার যাবতীয় প্রস্তুতি নিয়েছে এনটিএ। শিক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জেলা, রাজ্য ও কেন্দ্রীয় স্তরে আলাদা আলাদাভাবে চলবে নজরদারি। এবার মূলত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিকে পরীক্ষাকেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে শনিবার সেই কেন্দ্রগুলিতেই চলল মক ড্রিল। এক্ষেত্রে মোবাইল সিগন্যাল জ্যামারের কার্যক্ষমতা, কেন্দ্রগুলিতে চেকিংয়ের সময় পর্যাপ্ত লোকবল, বায়োমেট্রিক অথেন্টিকেশন সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হয়েছে। মন্ত্রকের স্পষ্ট বার্তা, পরীক্ষা চলাকালীন কিংবা পরীক্ষার আগে ও পরে কেউ অসদুপায় অবলম্বন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে তাঁকে আগামী তিনবছর পর্যন্ত এনটিএ-র পরীক্ষাগুলিতে বসতে দেওয়া হবে না। প্রয়োজনে যথাযথ আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ