Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভূমিধসে বন্ধ জাতীয় সড়ক, হেঁটেই বিয়ে করতে গেলেন বর

ভূমিধসের জেরে বন্ধ জাতীয় সড়ক। গাড়িতে চেপে আট কিলোমিটার দূরে বিয়ের আসরে পৌঁছনোর উপায় নেই। তাহলে কি বিয়েটা ভেস্তে যাবে? শেষপর্যন্ত পায়ে হেঁটেই রওনা দিলেন হবুবর হাসখোর আহমেদ। সঙ্গে বরযাত্রীরা।

ভূমিধসে বন্ধ জাতীয় সড়ক, হেঁটেই বিয়ে করতে গেলেন বর
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: ভূমিধসের জেরে বন্ধ জাতীয় সড়ক। গাড়িতে চেপে আট কিলোমিটার দূরে বিয়ের আসরে পৌঁছনোর উপায় নেই। তাহলে কি বিয়েটা ভেস্তে যাবে? শেষপর্যন্ত পায়ে হেঁটেই রওনা দিলেন হবুবর হাসখোর আহমেদ। সঙ্গে বরযাত্রীরা। 

Advertisement

টানা বৃষ্টি ও ধসে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। রবিবার সকালে হড়পা বানে ভেসে গিয়েছে রামবন জেলার ধর্মকুণ্ড গ্রাম। প্রাণ হারিয়েছেন কমপক্ষে তিনজন। ধসের জেরে বহু মানুষ আটকে পড়েছে। জোরকদমে  উদ্ধার কাজ চলছে।  কমপক্ষে ১০০ জনকে অন্যত্র সরানো হয়েছে বলে খবর। এই আবহে বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু ও শ্রীনগর জাতীয় সড়ক। এজন্য অন্যান্যদের মতো বিপাকে পড়েন আহমেদও। বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে নীল গগনন গ্রাম। সেখানেই বসেছে বিয়ের আসর।  জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোর ছ’টায় বরযাত্রীদের নিয়ে রওনা দেন তিনি। আহমেদ বলেছেন, ‘বৃষ্টির ফলে রাস্তার খুব খারাপ অবস্থা। তাই হেঁটেই বিয়ে করতে যাচ্ছি।’ তিনি জানিয়েছেন, বিয়ের পর নববধূকে নিয়ে এই পথ ধরেই ফিরবেন তাঁরা।  সরকারের কাছে যতদ্রুত সম্ভব জাতীয় সড়ক যান চলাচলের উপযুক্ত করে তোলার আর্জি জানিয়েছেন আহমেদ। 
উল্লেখ্য, রবিবার থেকেই বন্ধ জম্মু-শ্রীনগর ৪৪ নম্বর জাতীয় সড়ক। রাস্তার দু’দিকে শতাধিক গাড়ি আটকা পড়েছে। সোমবার ২৫০ কিলোমিটার দীর্ঘ সড়কের অন্তত ২০টি জায়গা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হতে কমপক্ষে ছ’দিন সময় লাগতে পারে। তবে সোমবার আবহাওয়া উন্নত হয়েছে। ফলে কাজ তরান্বিত হওয়ার আশা রয়েছে।

সম্পর্কিত সংবাদ