Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হারভেস্টর ও ট্রাক্টরের চাকার কাদা জমছে বিভিন্ন রাস্তায়, চাকা পিছলে বাড়ছে দুর্ঘটনা

হারভেস্টর ও ট্রাক্টরের চাকার কাদা জমছে বিভিন্ন রাস্তায়, চাকা পিছলে বাড়ছে দুর্ঘটনা
  • ১৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা বেলদা: শুরু হয়েছে বোরো চাষে ধান কাটার মরশুম। এই মরশুমে বিভিন্ন এলাকায় ভিড় জমিয়েছে হারভেস্টর ও ট্রাক্টর। বোরো চাষে ধান কাটতে গিয়ে হারভেস্টর ও ট্রাক্টরের চাকায় উঠে আসছে প্রচুর পরিমাণে কাদা ও মাটি। সেই কাদায় ভরে যাচ্ছে গ্রামের ভেতরের রাস্তাগুলি। শুধু গ্রামীণ রাস্তা নয়, ট্রাক্টরের চাকায় উঠে আসা কাদায় ভরছে রাজ্য সড়ক ও জাতীয় সড়কের রাস্তাগুলি। কালবৈশাখীর বৃষ্টিতে সেই মাটি ও কাদায় রাস্তা পিছল হয়ে বাড়ছে বিপদ। কর্দমাক্ত রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ছে বাইক থেকে অন্যান্য গাড়ি। তার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দাঁতন, কেশিয়াড়ি, মোহনপুর, বেলদা সহ একাধিক এলাকায় রাস্তার ওপর জমছে বিপুল পরিমাণ মাটি ও কাদা।  

Advertisement

সম্প্রতি দাঁতন ২ ব্লকের তুরকা থেকে জেনকাপুর যাওয়ার রাস্তায় এই পিছল রাস্তায় দুর্ঘটনায় পড়েছেন বেশ কয়েকজন বাইক আরোহী। শুধু গ্রামীণ সড়ক নয়, এই পরিস্থিতি তৈরি হয়েছে জাতীয় সড়কেও। দাঁতন থানার অন্তর্গত বামন পুকুর এলাকায় খড়্গপুর-বালেশ্বর জাতীয় সড়কের ওপরে একটি লেন পুরোপুরি ভরে গেছে কাদায়।
স্থানীয় বাসিন্দা রাজকুমার পাল বলেন, এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতে গিয়ে কয়েকদিন আগে পড়ে গিয়েছিলাম। পায়ে চোট লেগেছে মাথায় হেলমেট ছিল বলে কোনওরকমে বেঁচে গিয়েছি। সাবড়া এলাকার বাসিন্দা শেখ আজহারউদ্দিন বলেন, রবিবার তুরকা-জেনকাপুর রাস্তাতে এই কাদায় পিছলে পড়ে গিয়েছিলেন এক বাইক আরোহী। আমরা স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে না নিয়ে গেলে হয়তো সেখানেই মারা পড়তেন। বারবার প্রশাসনকে এ বিষয়ে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই সময় ধান কাটাটাও যতটা জরুরি, ততটাই জরুরি মানুষের সুরক্ষা। 
একই অবস্থা দাঁতন, মোহনপুর, কেশিয়াড়ি সহ বেলদার বিস্তীর্ণ এলাকায়। 
নিত্যযাত্রীদের দাবি, প্রশাসনিক উদ্যোগের অভাবে ও সাধারণ মানুষের সচেতনতার ঘাটতিতে বিপদ এড়ানো যাচ্ছে না। প্রশাসন যদি দায়িত্ব নিয়ে ট্রাক্টর ও হারভেস্টরের মালিকদের মাঠ থেকে রাস্তায় ওঠার সময় গাড়ির চাকার কাদা পরিষ্কার করার নির্দেশ দেয়, তাহলে এই ধরনের বিপদ তৈরি হয় না। 
এদিকে বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে মঙ্গলবার সকাল থেকে কেশিয়াড়ি ও দাঁতন থানার উদ্যোগে বিভিন্ন এলাকায় শুরু করা হয়েছে মাইক প্রচার। প্রতিটি গ্রামীণ রাস্তায় পুলিসের পক্ষ থেকে মাইকিং করে সচেতন করা হচ্ছে, যাতে রাস্তার কাদা হারভেস্টর ও ট্রাক্টরের মালিকরা পরিষ্কার করে দেন।-নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ