


নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে বন্ধ হরমুজ প্রণালী। বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। বেড়েই চলেছে অশোধিত তেলের দর। প্রতি ব্যারেলে তেলের দর ছাড়িয়ে গিয়েছে ১০০ ডলারের গণ্ডি। যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় সোমবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দর ১১৯.৫ ডলার ছুঁয়ে ফেলে। পরে অবশ্য তা কিছুটা কমে হয় ১০৭.৮ ডলার। সেইসঙ্গে ডলারের চাহিদা বৃদ্ধির জন্য বেসামাল হয়েছে টাকাও। এক ধাক্কায় ৫৩ পয়সা নেমে রেকর্ড তলানিতে ভারতীয় মুদ্রার দর। দিনের শেষে এক ডলারের বিনিময় মূল্য থিতু হয়েছে ৯২ টাকা ৩৫ পয়সায় (প্রভিশনাল)। এহেন অনিশ্চিত পরিস্থিতিতে শেয়ার বিক্রির হুড়োহুড়ি পড়ে যায়। তার জেরে এদিন সেনসেক্স ও নিফটিতে ব্যাপক ধস নামে। বিগত কিছুদিন ধরেই গোত্তা খাচ্ছে শেয়ার বাজার। গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে লগ্নিকারীদের ৩১ লক্ষ কোটি টাকা উবে গিয়েছে।
বিগত কয়েকদিনের মতো সোমবারও বম্বে শেয়ার বাজারের সূচক একটা সময় ২,৪৯৪.৩৫ পয়েন্ট বা ৩.১৬ শতাংশ নেমে আসে। মাথায় হাত পড়ে দালাল স্ট্রিটে। দিনের শেষে এই পতন কিছুটা রুখেছে। ১,৩৬২.৭৪ অঙ্ক পয়েন্ট বা ১.৭১ শতাংশ কমে সেনসেক্স থিতু হয় ৭৭,৫৬৬.১৬-এ। একই চিত্র ছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকেও। বাজার বন্ধের সময় ৪২২.৪০ পয়েন্ট বা ১.৭৩ শতাংশ নেমে ২৪,০২৮.০৫-এ থামে নিফটি।