Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সেট পিসে বাড়তি জোর মোলিনার

যুবভারতীতে মোহন বাগান অনুশীলন তখন শেষ। লিস্টন-কামিংসদের ঘিরে সমর্থকদের ভিড় সামলাতে হাতে গোনা নিরাপত্তরক্ষীরা জেরবার। ঠিক সেই সময় প্র্যাকটিস মাঠে পৌঁছল বেঙ্গালুরু এফসি’র টিমবাস।

সেট পিসে বাড়তি জোর মোলিনার
  • ১১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবভারতীতে মোহন বাগান অনুশীলন তখন শেষ। লিস্টন-কামিংসদের ঘিরে সমর্থকদের ভিড় সামলাতে হাতে গোনা নিরাপত্তরক্ষীরা জেরবার। ঠিক সেই সময় প্র্যাকটিস মাঠে পৌঁছল বেঙ্গালুরু এফসি’র টিমবাস। নাগুয়েরো, গুরপ্রীতরা কাচের ওপার থেকে ঘাড় ঘুরিয়ে দেখলেন। অদৃশ্য চ্যালেঞ্জে ছুড়ে তাল ঠুকছে দুপক্ষেই। শনিবার আইএসএলের মেগা ফাইনাল ঘিরে পারদ চড়ছে চড়চড়িয়ে। ম্যাচের দু’দিন আগে সবুজ-মেরুন ব্রিগেড অনেক খোলামেলা। প্র্যাকটিসের আগে যুব দলের ফুটবলারদের নিয়ে ফটোশুট সারলেন সাহালরা। অন্যদিকে, নিজেদের লুকিয়ে রাখল গার্ডেন সিটির দল। সুনীলদের ক্লোজড ডোর অনুশীলনে মাছি গলার জো নেই। খেতাবি যুদ্ধের আগে বেশ চাপে বিএফসি। তার উপর হ্যামস্ট্রিংয়ের চোটে কাতর জাতীয় দলের ফুটবলার সুরেশ। ফাইনালে অনিশ্চিত তিনি। জমজমাট ম্যাচের পালস বুঝে জমজমাট আয়োজনে কোমর বেঁধে নেমেছে এফএসডিএল। ম্যাচের আগের দিন যুবভারতীতে ট্রফি নিয়ে দু’দলের ফটোসেশন। তারপর নিউটাউনের পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করবেন কোচ, ফুটবলাররা। ফাইনালে বলিউডের কোনও তারকাকে হাজির করিয়ে চমক দেওয়ার চেষ্টাও জারি।

Advertisement

আইএসএলের লিগ-শিল্ড জিতে ইতিমধ্যেই ভারত সেরা মোহন বাগান। বেঙ্গালুরুকে বশ মানাতে পারলে ‘ডাবল’ নিশ্চিত। গত মরশুমে হাতের মুঠোয় এসেও আইএসএল কাপ ফস্কেছিল। মুম্বইয়ের কাছে বশ মানে হাবাস ব্রিগেড। কিন্তু হোসে মোলিনা আরও বেশি সতর্ক। ট্রফি ছাড়া অন্য কিছু ভাবনাতেই নেই। এদিন অনুশীলনে বেশ কিছুক্ষণ সেটপিস মুভমেন্ট অনুশীলন করানো হয়। এমনকী টাই-ব্রেকারের পরিকল্পনাও তৈরি। প্রয়োজনে প্রথম পাঁচটি শট কারা নেবেন তা সাজিয়ে নিয়েছেন স্প্যানিশ কোচ। উল্লেখ্য, আইএসএলে গ্রুপ লিগে কান্তিরাভায় মোহন বাগানকে উড়িয়ে দেয় বেঙ্গালুরু। অন্যদিকে, যুবভারতীতে লিস্টনের গোলে ম্যাচ জেতে সবুজ-মেরুন ব্রিগেড। যুবভারতীতে হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে আরও একবার বাজিমাতের পরিকল্পনা পালতোলা নৌকার। ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়ে পুরোদমে অনুশীলন করলেন মনবীর সিং। স্কটিশ ফুটবলার স্টুয়ার্টকে পরিস্থিতি অনুযায়ী ব্যবহারের ভাবনা থিঙ্কট্যাঙ্কের। মাঠ ছাড়ার আগে এক সমর্থক শুভেচ্ছা জানাতেই স্টুয়ার্টের উত্তর-‘ফাইনাল ম্যাচ। আমরা জিততে মরিয়া।’ বেঙ্গালুরুর আক্রমণভাগ বেশ মজবুত। নোগুয়েরা, পেরেরা ডিয়াজ, সুনীল ছাড়াও উইং হাফ রায়ান উইলিয়ামসের গতি চিন্তার কারণ হতেই পারে। আপফ্রন্ট শক্তিশালী হলেও গ্রুপ লিগে ৩১ টি গোল হজম করেছে তাদের রক্ষণ। এতেই প্রমাণিত চাপ বাড়ালে বেঙ্গালুরু রক্ষণে ফাটল ধরানো সম্ভব। এদিকে, জামশেদপুরকে ৫-১ গোলে হারিয়ে ডেভেলপমেন্ট লিগের ফাইনালে মোহন বাগান।

Advertisement
সম্পর্কিত সংবাদ