নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার বিকেলে আকাশের মুখ ভার। এরপরই প্রবল ঝড়ের দোসর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বেগতিক দেখে মোহন বাগান অনুশীলন বন্ধের নির্দেশ দিলেন কোচ বাস্তব রায়। কিন্তু পাশের মাঠে ইস্ট বেঙ্গলে প্র্যাকটিস চলল বেশ কিছুক্ষণ। মাঠে উপস্থিত গুটিকয়েক কাকভেজা লাল-হলুদ সমর্থক আবার মজার ছলে বলেই ফেললেন, ‘ক্লেটনের আচমকা বিদায়ে বোধহয় বরুণদেব কেঁদে ভাসালেন।’
এদিন সুপার কাপের প্রস্তুতি শুরু করল মোহন বাগান। প্র্যাকটিসে দেখা গেল পাসাং তামাংকে। ডেভেলপমেন্ট লিগের ফাইনাল সহ মোট সাত গোল করে নজর কেড়েছেন তিনি। ফর্মে থাকা তামাংকে চটজলদি সিনিয়র দলে নিয়ে আসার সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয়। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড টু’য়ে বিকেল চারটেয় মাঠে নেমেছিলেন সুহেল, দীপ্যেন্দুরা। সুপার কাপের পরফরম্যান্সের উপর নির্ভর করবে নুনো রেইজের ভাগ্য। সিনিয়র দল থেকে রয়েছেন আশিক, সাহাল ও দীপক টাংরি।