


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি মানেই গালভরা গল্প আর মিথ্যা প্রতিশ্রুতি। তারা আনতে পারেনি ‘আচ্ছে দিন’। কেন্দ্রের সরকারে থেকেও দেশের সাধারণ মানুষের সঙ্গে বিজেপি প্রতারণা করে চলেছে বলে অভিযোগ তৃণমূলের। ওই সূত্রেই মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মোদির ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি ‘শতাব্দীর সেরা এপ্রিল ফুল’।
কেন্দ্রের সরকারে আসার আগে নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির তাবড় নেতারা। দেশের মানুষকে তাঁরা দেখিয়েছিলেন আচ্ছে দিনের স্বপ্ন। কিন্তু কেন্দ্রীয় ক্ষমতায় দীর্ঘদিন থেকেও তাঁরা সাধারণ মানুষকে কোনও সুরাহা দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে নরেন্দ্র মোদির দেওয়া ১৫ লক্ষ টাকার প্রতিশ্রুতিকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার তাদের পক্ষ থেকে বলা হয়েছে, একজন ভারতবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ১৫ লক্ষ টাকা দিতে পারেননি নরেন্দ্র মোদি। ফলে প্রতিশ্রুতির বিনিময়ে বোকাই বানানো হয়েছে সরল দেশবাসীকে।
১ এপ্রিল তারিখটিকে ‘বোকা বানানোর দিন’ হিসেবে মনে করা হয়। হাসি, মজা, কৌতুক করা হয় এদিন। তাই তৃণমূল এই দিনটিকে বেছে নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে। সেখানে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে, ভোটের আগে হরেক প্রতিশ্রুতিকে। আর ভোট মিটতেই কেন্দ্রের শাসক দল বোকা বানায় মানুষকে। তাই তৃণমূলের আবেদন, সারাবছর বোকা বানাচ্ছে বিজেপি। এবার মানুষ বিজেপিকে বোকা বানাবে ভোটের দিনে?