Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

মোদি-ভান্স বৈঠক, নজরে বাণিজ্য চুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। এই আবহেই সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি-ভান্স বৈঠক, নজরে বাণিজ্য চুক্তি
  • ২২ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। এই আবহেই সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার সঙ্গে চলতি বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনার মধ্যেই এই বৈঠক হল। এদিনই  সকালে চারদিনের ভারত সফরে দিল্লিতে পৌঁছন ট্রাম্পের ডেপুটি। হোয়াইট হাউসে দ্বিতীয়বার ট্রাম্পের প্রবেশের পর এই প্রথম তাঁর সরকারের কোনও উচ্চপদস্থ আধিকারিক ভারতে এলেন। মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এসেছেন পেন্টাগন ও বিদেশ দপ্তরের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে যান সস্ত্রীক ভান্স। সেখানে তাঁকে স্বাগত জানান মোদি। ভারত-মার্কিন দ্বিপাক্ষিক প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর দুই নেতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়।  বৈঠকে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে খবর। ওয়াশিংটনের পরিবর্তিত বাণিজ্য নীতি সংক্রান্ত বিষয়টিও বৈঠকে উঠে আসে। সেই আবহেই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সংক্রান্ত চলতি আলোচনার অগ্রগতিকে দুই দেশের তরফে স্বাগত জানানো হয়েছে। মোদি ও ভান্সের মধ্যে এদিনের বৈঠকে  প্রতিরক্ষা, বিদ্যুৎ ও প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া রাশিয়া-ইউক্রেন সংঘাত সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে দুই নেতার মধ্যে। সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী।

Advertisement

এর আগে এদিন সকালে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করেন ভান্স। সঙ্গে তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা চিলুকুরি ও তিন সন্তান এওয়ান, বিবেক, মিরাবেল এবং পদস্থ মার্কিন আধিকারিকরা। বিমান থেকে অবতরণের সময় মার্কিন সেকেন্ড লেডির পরনে ছিল লাল রঙের লং ড্রেস। তার উপর সাদা কোট। আর তাঁদের সন্তানদের দেখা গিয়েছে ভারতীয় পোশাকে। দুই ছেলে পরেছিল কুর্তা পাজামা। আর মেয়ে আনারকলি স্যুট। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও সেকেন্ড লেডিকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মার্কিন ভাইস প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে স্ত্রী ও সন্তানদের নিয়ে দিল্লির অক্ষরধাম মন্দির পরিদর্শন করেন। এই মন্দির সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশও করেছেন ভান্স। তিনি জানান, আমার সন্তানদের খুব ভালো লেগেছে। জনপথে সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রিজ এম্পোরিয়ামও ঘুরে দেখেন তাঁরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ