আবুজা, ২৮ এপ্রিল: এলোপাথাড়ি গুলি চালিয়ে ২৯ জনকে খুন করল জঙ্গিরা। গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার আদামাওয়ার গুইয়াকু গ্রামে। ইতিমধ্যেই ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন বা আইএস। জানা গিয়েছে, রাতে অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামে ঢোকে জঙ্গিরা। ছোট ছোট দলে ভাগ হয়ে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে তারা। তখন গ্রামের অধিকাংশ মানুষই ঘুমে আচ্ছন্ন ছিলেন। এরপর বাড়ি লক্ষ্য নাগাড়ে গুলি চালাতে শুরু করে আইএস। ঘুমের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ২৯ জন। গুরুতর জখম হন বহু মানুষ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, ওই গ্রাম মূলত খ্রিস্টান অধ্যুষিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রামে গুলি চালানোর পর একাধিক বাড়িতে আগুন লাগিয়ে চলে যায় জঙ্গিরা। ভস্মীভূত হয়ে যায় বহু বাড়ি এবং সেখানে থাকা সামগ্রী। ঘটনার পরই অকুস্থলে পৌঁছয় পুলিশ। আগুন নেভানোর পাশাপাশি শুরু হয় উদ্ধারকাজও।



