শনিবার অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে জন্ম হয়েছে এক হস্তিশাবকের। সদ্য প্রয়াত গায়ক জুবিন গর্গের একটি জনপ্রিয় গান অনুসারে ওই শাবকের নাম রাখা হয়েছে ‘মায়াবিনী’। শনিবার বিশ্বজুড়ে পালিত হয়েছে ‘প্রাণী দিবস’। সেদিনই ‘মায়াবিনী’র জন্ম হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ্যের পরিবেশ ও বনমন্ত্রী চন্দ্রমোহন পাতোয়ারি। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, কাজিরাঙার হাতি ‘কুয়ারি’ সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছে। উল্লেখ্য, ‘মায়াবিনী রাতির বুকু’ ছিল জুবিনের অত্যন্ত পছন্দের গান। তাঁর শেষযাত্রাতেও এই গানটি গেয়েছিলেন অগণিত অনুরাগী।



