Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘মাতৃসমা’ পানিহাটির বিজেপি প্রার্থীকে অনুরোধ অভিষেকের, ‘অপরাজিতা বিলে সম্মতির জন্য মোদিজিকে বলুন’

অপরাজিতা বিল থেকে উন্নয়ন—পানিহাটিতে ভোট সমীকরণের লেখচিত্র এঁকে দিয়ে গেলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

‘মাতৃসমা’ পানিহাটির বিজেপি প্রার্থীকে অনুরোধ অভিষেকের, ‘অপরাজিতা বিলে সম্মতির জন্য মোদিজিকে বলুন’
  • ২০ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

বিশ্বজিৎ মাইতি, বরানগর: অপরাজিতা বিল থেকে উন্নয়ন—পানিহাটিতে ভোট সমীকরণের লেখচিত্র এঁকে দিয়ে গেলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনপ্লাবনে ভাসা রোড শো শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জয় করলেন পানিহাটির হৃদয়। উজ্জীবনের পেপটক দিয়ে গেলেন কর্মীদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়া বিজেপি প্রার্থীকে ‘মাতৃসমা’ উল্লেখসহ দলের কর্মীদের সচেতন করেন তিনি। অভিষেক বলেন, শালীনতা ছাড়িয়ে কেউ ওঁকে আক্রমণ করবেন না। আবার বিজেপি প্রার্থীকে বললেন, পানিহাটির সভায় প্রধানমন্ত্রী আসবেন। আমাদের আনা অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছে আটকে আছে। নারীসুরক্ষা সুনিশ্চিত করতে আপনি সভামঞ্চে প্রধানমন্ত্রীকে ওই বিল পাশ করানোর অনুরোধ করুন। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে তুললেন মৃত্যু নিয়ে রাজনীতিরও অভিযোগ। 

Advertisement

রবিবার বিকেলে নাটাগড়ের অগ্রগামী সংঘের মাঠে হেলিকপ্টার নামে অভিষেকের। দীর্ঘ রাস্তার দুদিকে মানুষের ঢল নামে। বিজেপি প্রার্থীর বাড়ি লাগোয়া রাস্তা জনস্রোতের রূপ নেয়। নানা বয়সি মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের শরীরী ভাষা ও অভিব্যক্তি বদলে দেয়। গাড়ি থেকে অভিষেক যেমন ফুল ছোড়েন, তেমনই বহুতলের উপর থেকেও হয় পুষ্পবৃষ্টি। এইচবি টাউন মোড়ে পৌঁছে জনজোয়ারে মুগ্ধ অভিষেক বলেন, ছুটির দিনেও যেভাবে অগণিত মানুষ পায়ে পা মিলিয়েছেন, আশীর্বাদ করেছেন তাতে পানিহাটিবাসীর কাছে আমি কৃতজ্ঞ। এরপর চৈতন্যদেব থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র প্রমুখ মনীষীর সঙ্গে পানিহাটির গৌরবোজ্জ্বল অতীত স্মরণ করেন অভিষেক। তিনি বলেন, পানিহাটির মানুষ কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি। দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর করজোড়ে অনুরোধ, যে ​ভদ্রমহিলা এখানে বিজেপি প্রার্থী, তিনি আমার মাতৃসমা। তিনি বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের চুলের মুঠি ধরে আমি নিয়ে আসব!’ কিন্তু তৃণমূলের সৈনিকদের বলব, তাঁর সম্বন্ধে কোনো খারাপ শব্দ ব্যবহার করবেন না। সন্তান হারানোর দুঃখেকষ্টে, চাপে পড়ে অনেকসময় ভুল সিদ্ধান্ত নেয় মানুষ। 
এরপর সরাসরি আর জি কর আন্দোলন প্রসঙ্গে অভিষেক বলেন, সারা বাংলার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। মহিলাদের ও মায়েদের রাতদখলের লড়াইকে আমি কুর্নিশ জানিয়েছিলাম। আর জি কর ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল, সেই সঞ্জয় রাইকে সিবিআই এখনো শাস্তি দিতে পারেনি। প্রায় দেড় বছর ধরে তদন্ত চলছে। ​আমি বিজেপির প্রার্থীকে একটা অনুরোধ করব, শুনেছি ২৪ তারিখ এখানে প্রধানমন্ত্রী আসবেন। অভয়ার ঘটনার পুনরাবৃত্তি আটকাতে, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে রাজ্য সরকার ‘অপরাজিতা বিল’ পাশ করেছিল। সেই বিল রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতিকে দেড় বছর আগে পাঠানো হয়েছে। আপনি সত্যিই যদি চান এরকম ঘটনা বাংলায় বা ভারতবর্ষে কোথাও আর না হোক, আপনার কাছে আবেদন, তাহলে দয়া করে সভামঞ্চে প্রধানমন্ত্রীকে এই বিলের বিষয়ে বলবেন। আরো বলবেন, অপরাজিতা বিলে রাষ্ট্রপতিকে সম্মতি দিতে, যাতে সেটি পাশ হয়। অভিষেকের দাবি, মনে রাখবেন, আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না। বিজেপি করে। এসআইআরে প্রথম মৃত প্রদীপ করের বিষয়টিও তুলে ধরেন তিনি। পানিহাটিতে জল জমা সমস্যা নিয়ন্ত্রণে ৫০ কোটি টাকায় বুস্টার পাম্প বসানো, নতুন ডাম্পিং গ্রাউন্ড তৈরি প্রভৃতি প্রকল্পের উল্লেখসহ অভিষেক বলেন, পানিহাটি-সোদপুরকে আমরা ঢেলে সাজাব। ফের অভয়া কাণ্ড স্মরণ করিয়ে অভিষেক বলেন, অক্টোবর মাসে স্বরাষ্ট্রমন্ত্রী পুজো উদ্বোধন করতে বাংলায় এসেছিলেন। রত্নাদেবী দেখা করতে গিয়েছিলেন। কিন্তু তিনি দেখা পর্যন্ত করেনি! যে দল বিলকিস বানুর ধর্ষকদের মঞ্চে ডেকে মালা পরিয়ে বরণ করে, তারা কোনোদিন বিচার দিতে পারবে কি?

Advertisement
সম্পর্কিত সংবাদ