লখনউ: বিবাহ একটি প্রতিষ্ঠান। বৈবাহিক সম্পর্কে দম্পতির পারষ্পরিক শ্রদ্ধা এবং আস্থার বহিঃপ্রকাশ ঘটে। বিবাহ স্বামীকে কখনওই তার স্ত্রীর উপর মালিকানা প্রদান করে না। একটি মামলার প্রেক্ষিতে এই মন্তব্য করেছে এলাহাবাদ হাইকোর্ট। সম্প্রতি মির্জাপুর জেলায় প্রদ্যুম্ন যাদবের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে এক মহিলা মামলা করেন। মহিলার অভিযোগ, তাঁর অজান্তে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি করেন স্বামী। এরপর তাঁর অনুমতি না নিয়েই তা ফেসবুকে আপলোড করেন তিনি। এখানেই শেষ নয়, সেই ভিডিও মহিলার তুতো ভাই এবং গ্রামবাসীদের শেয়ারও করা হয়। প্রতিবাদ জানিয়ে স্বামীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ নম্বর ধারায় ব্যবস্থা গ্রহণের আর্জি জানান মহিলা। সম্ভাব্য চার্জশিট থেকে অব্যাহতি পেতে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেন প্রদ্যুম্ন।



