গুয়াহাটি: হতদরিদ্র পরিবার। দিনমজুরির ভরসায় কোনওক্রমে চলে সংসার। তারমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয়ে নিত্য ঝামেলা লেগেই থাকত। গত শুক্রবারও দাম্পত্য কলহ শুরু হয়। ঝগড়া চলাকালে মেজাজ হারিয়ে স্ত্রীর উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন স্বামী। কেটে দেন মাথা। তারপর সাইকেলের সামনের বাস্কেটে স্ত্রীর মুণ্ড নিয়ে সটান হাজির হন স্থানীয় থানায়। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান পুলিস আধিকারিকরাও। অসমের চিরাং জেলার উত্তর বল্লামগুড়ির হাড়হিমকাণ্ডে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতের নাম বৈজন্তি। শুক্রবার রাতে বচসার পর ধারালো হাতিয়ার দিয়ে তাঁর গলা কেটে দেন স্বামী বিটিশ হ্যাজং। তিনি পেশায় দিনমজুর। তারপর স্ত্রীর কাটা মুণ্ডু সাইকেলের সামনের বাস্কেটে রেখে বল্লামগুড়ি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বিটিশ। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করা হয়। চিরাংয়ের অতিরিক্ত পুলিস সুপার রশ্মিরেখা শর্মা জানিয়েছে, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু কী কারণে খুন, সেব্যাপারে এখনই কোনও মন্তব্য করছি না। এক প্রতিবেশী জানিয়েছেন, ব্রিটিশের সঙ্গে তাঁর স্ত্রী বৈজন্তির ঝামেলা লেগেই থাকত।