


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘ক্যাশ ফর কোয়েশ্চেন’ মামলায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে জেরা করতে চায় সিবিআই। সেই মতোই সুপ্রিম কোর্টে লোকপাল মামলায় আবেদন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়ে দিল, লোকপাল আইনের কয়েকটি ধারা আপাতদৃষ্টিতে এক অপরের সঙ্গে মিলে গেছে মনে হলেও আদতে কিন্তু চার্জশিট দাখিল করা এবং প্রসিকিউশন পরিচালনার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। তাই বিষয়টি খতিয়ে দেখতে হবে। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ, দিল্লি হাইকোর্টের নির্দেশের একাংশে (প্রসিকিউশনের অনুমোদন) আপাতত লোকপাল কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। ফলে আপাতত স্বস্তিতে তৃণমূল সাংসদ।
লোকসভায় মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তিনি সংসদে প্রশ্ন করার জন্য টাকা নেন। মামলায় লোকপাল তাঁর বিরুদ্ধেই রায় দিয়েছে। সেই রায় চ্যালেঞ্জ করে মহুয়া দিল্লি হাইকোর্টে গেলে সেখানে তাঁর জয় হয়। এবার সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসেছে লোকপাল। মামলায় বিবাদী রয়েছে সিবিআইও।