Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঋষভ ও সামির হাত ধরে জিতল লখনউ

জয়ের জন্য দরকার ২ বলে ১ রান। জয়দেব উনাদকাটের ডেলিভারি মিড অফ দিয়ে সোজা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন ঋষভ পন্থ।

ঋষভ ও সামির হাত ধরে জিতল লখনউ
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: জয়ের জন্য দরকার ২ বলে ১ রান। জয়দেব উনাদকাটের ডেলিভারি মিড অফ দিয়ে সোজা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন ঋষভ পন্থ। এক বল বাকি থাকতে ৫ উইকেটে সানরাইজার্স হায়দরাবাদকে বশ মানাল লখনউ সুপার জায়ান্টস। পন্থ অপরাজিত থাকলেন ৬৮ রানে। দলকে জিতিয়েও তিনি নির্লিপ্ত। বাড়তি কোনও উচ্ছ্বাস নেই। বরং ঝরে পড়ছিল অভিমান। হওয়াটাই স্বাভাবিক। গত ম্যাচে দিল্লির কাছে হারার পর খোদ ফ্র্যাঞ্চাইজি মালিক মাঠে নেমে এসেছিলেন তাঁর সঙ্গে কথা বলতে। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তৈরি হয়েছিল জল্পনা। তাহলে কি ঋষভের ক্যাপ্টেন্সিতে খুশি নন দল মালিক? সমালোচকদের জবাব দিতে চওড়া ব্যাটকেই হাতিয়ার করলেন ঋষভ। হাসি ফেরালেন ফ্র্যাঞ্চাইজি মালিকের মুখে। পন্থকে কেন সেরা ফিনিশার বলা হয়, সেটা বোঝা গেল আরও একবার। তিনে নেমে করলেন ৫০ বলে ৬৮। হাঁকালেন ৯টি বাউন্ডারি। শুরুতে আইডেন মার্করাম ৪৫ রানের ইনিংস খেলেন। এরপর পন্থের কাঁধে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রানের টার্গেট পেরিয়ে যায় লখনউ।

Advertisement

ম্যাচের নায়ক অবশ্য মহম্মদ সামি। তাঁর এদিনের বোলিং গড় খুবই চমকপ্রদ ৪-০-৯-২। একপলক দেখে মনে হবে, টেস্ট ম্যাচের স্পেল। প্রতিপক্ষের বিধ্বংসী টপ অর্ডারে ধস নামান সামিই। ট্রাভিস হেড (৭) ও অভিষেক শর্মাকে (০) দ্রুত ফিরিয়ে বিপক্ষের ব্যাটিংয়ের কোমরটাই ভেঙে দেন তিনি। এরপর প্রিন্স যাদবের শিকার হন ঈশান কিষান (০)। প্রাথমিক ধাক্কা সামলে হেনরিখ ক্লাসেন ও নীতীশ রেড্ডি টেনে তোলেন হায়দরাবাদকে। ক্লাসেনের সংগ্রহ ৬২। রেড্ডি করেন ৫৬ রান। ম্যাচ শেষে পন্থ বলেন, ‘অনেকে আমার ফর্ম নিয়ে অনেক কিছু বলছে। তাতে কর্ণপাত করছি না। কাউকে জবাব দেওয়ার জন্য মুখ খোলার প্রয়োজন নেই, ব্যাটটাই যথেষ্ট।’ সামির গলাতেও শোনা গিয়েছে জবাব দেওয়ার আগ্রাসী মেজাজ। তিনি বলেছেন, ‘আমি মেশিন নই। তবে ধারাবাহিক পারফরম্যান্স করেই চলেছি।’

সম্পর্কিত সংবাদ