Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

১০ বছরে স্রেফ ধনী ব্যবসায়ীদেরই ৯ লক্ষ কোটির ঋণ মকুব, সংসদে নির্মলা

গত ১০ বছরে ১৬ লক্ষ কোটি টাকারও অধিক  ঋণ মকুব করেছে নরেন্দ্র মোদির সরকার। যার মধ্যে স্রেফ ধনী ব্যবসায়ীদেরই ঋণ মকুব হয়েছে ৯ লক্ষ কোটি টাকা।

১০ বছরে স্রেফ ধনী ব্যবসায়ীদেরই ৯ লক্ষ কোটির ঋণ মকুব, সংসদে নির্মলা
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গত ১০ বছরে ১৬ লক্ষ কোটি টাকারও অধিক  ঋণ মকুব করেছে নরেন্দ্র মোদির সরকার। যার মধ্যে স্রেফ ধনী ব্যবসায়ীদেরই ঋণ মকুব হয়েছে ৯ লক্ষ কোটি টাকা। সোমবার সংসদে লিখিতভাবে একথা জানাল কেন্দ্র। যদিও কারও নাম প্রকাশ করেনি সরকার। আইন মোতাবেক তা করা যায় না বলেই সংসদে জানিয়ে দেওয়া হয়েছে। তবে বলা হয়েছে, এমন ২৯টি কোম্পানি রয়েছে, যারা হাজার কোটি টাকারও বেশি ঋণ মেটায়নি। আর না মেটানো সেই ঋণের পরিমাণ ৬১ হাজার ২৭ কোটি টাকা। অথচ বাড়ি-গাড়ি অথবা পার্সোনাল লোনের টাকা সাধারণ মানুষ সময়মতো না মেটালে ভিন্ন দৃশ্য দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রেই ব্যাঙ্ক চড়াও হয় বলে অভিযোগ। কিন্তু ধনী ব্যবসায়ীরাই বছরের পর বছর ব্যাঙ্কের টাকা শোধ করছে না। রাজস্থানের সিকরের সিপিএম সাংসদ আমরা রাম সরকারের কাছে জানতে চান, গত ১০ বছরে কত এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেটের ক্ষেত্রে ঋণ আপাতত মকুব (রাইট অফ) করেছে কেন্দ্রীয় সরকার? জবাবে ২০১৪-১৫ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষের তালিকা তুলে ধরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, কোন বছর কত টাকা মকুব করা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত সব মিলিয়ে ১৬ লক্ষ ৩৫ হাজার ৩৭৯ কোটি টাকা মকুব করা হয়েছে। যার মধ্যে লার্জ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সার্ভিসেস অর্থাৎ সহজ কথায় ধনী ব্যবসায়ীদের ক্ষেত্রে গত ১০ বছরে মকুব করা হয়েছে ৯ লক্ষ ২৬ হাজার ৯৪৭ কোটি টাকা। এরপরই অবশ্য তিনি জানান, আপাতত মকুব করে দেওয়া মানে কিন্তু সম্পূর্ণ মাফ করে দেওয়া নয়। বকেয়া আদায় করতে সময় সময় ব্যাঙ্ক তার নিয়ম মেনে উদ্যোগ নেয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ