নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকা প্রত্যেক অ্যালোপ্যাথিক চিকিৎসককে ৫ বছরে কমপক্ষে ৩০ ‘ক্রেডিট আওয়ার্স পয়েন্ট’ অর্জন করতে হবে। না হলে তাঁরা রেজিস্ট্রেশন নবীকরণ করতে পারবেন না। এমনই নির্দেশনামা জারি করল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। প্রসঙ্গত, চিকিৎসকদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে ‘আপডেট’ রাখতে বিভিন্ন চিকিৎসা সম্মেলন বা শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ক্রেডিট পয়েন্ট অর্জনে গুরুত্ব দিচ্ছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। এভাবে সংগৃহীত হবে ‘ক্রেডিট আওয়ার্স পয়েন্টস’। এর জন্য সম্মেলনের আয়োজক সংস্থাকে নিয়ম মেনে কাউন্সিলের কাছে আগাম আবেদন করতে হয়। বক্তার সংখ্যা, বক্তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি যাচাই করে ক্রেডিট পয়েন্ট দেওয়ার ক্ষমতা পায় আয়োজক সংস্থা। কিন্তু প্রত্যন্ত এলাকায় প্র্যাক্টিস করা চিকিৎসকদের পক্ষে এই নিয়ম মেনে ক্রেডিট স্কোর অর্জন কঠিন হতে পারে বলে মনে করছে চিকিৎসকমহলের একাংশ।



