নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সপ্তাহের শুরু থেকে আপাতত রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে না। তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আগামী সপ্তাহে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। কয়েকদিন ধরে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আছে, যা এই সময়ের সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রার থেকে কিছুটা কম।
বুধবার রাজ্যের উপর দুটি নিম্নচাপ অক্ষরেখা ছিল। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। এর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝেমধ্যে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। তার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং কোনও কোনও স্থানে ঝোড়ো হাওয়াও বইছে। বৃষ্টি সব জায়গায় না-হলেও গরমের মাত্রা কিছুটা কমেছে। এই পরিস্থিতি আজ, বৃহস্পতিবার এবং আগামী কাল, শুক্রবারও থাকবে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। শনি ও রবিবার ঝড়বৃষ্টির মাত্রা কমবে।
সোমবার থেকে আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা কোথাও থাকবে না। তাপমাত্রা তখনও আরও বাড়তে শুরু করবে। বুধবারের মধ্যে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশে চলে আসতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও বেশি হবে। তবে আপাতত তাপপ্রবাহের কোনও সর্তকবার্তা জারি করেনি আবহাওয়া দপ্তর।