Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পাড়ডুবিতে চিতাবাঘের আতঙ্ক, ভুট্টা খেতে খাঁচা বসাল বনদপ্তর

মাথাভাঙা-২ ব্লকের পাড়ডুবি গ্রামপঞ্চায়েত এলাকার উত্তর বড়াইবাড়ি ও টাউরিকাটার লোকালয়ে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ওই এলাকায় নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা।

পাড়ডুবিতে চিতাবাঘের আতঙ্ক, ভুট্টা খেতে খাঁচা বসাল বনদপ্তর
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-২ ব্লকের পাড়ডুবি গ্রামপঞ্চায়েত এলাকার উত্তর বড়াইবাড়ি ও টাউরিকাটার লোকালয়ে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ওই এলাকায় নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। স্থানীয়দের দাবি, আলু ও ভুট্টাখেতের জমিতে অজানা জন্তুর পায়ের ছাপ তাঁরা দেখতে পেয়েছেন। পায়ের ছাপটি চিতাবাঘেরই বলে সন্দেহ তাঁদের। এদিকে, বনদপ্তর খবর পেয়ে ওই এলাকার ভুট্টাখেতে খাঁচা বসিয়েছে। পাশাপাশি বনকর্মীরা টহলদারি দিচ্ছেন। 

Advertisement

স্থানীয় বাসিন্দা অর্জুন বর্মন বলেন, আলু খেতে অজানা জন্তুর পায়ের ছাপ দেখার পর বাসিন্দাদের জানাই। এর পর এলাকার সবাই সেই পায়ের ছাপ দেখতে ভিড় করেন। বাসিন্দাদের সন্দেহ ওই পায়ের ছাপ চিতাবাঘেরই। বনদপ্তরে বিষয়টি জানানো হয়েছে। বনদপ্তরের মাথাভাঙার রেঞ্জার সুদীপ দাস বলেন, পাড়ডুবির উত্তর বড়াইবাড়ি এলাকায় চিতাবাঘের কথা বলছেন স্থানীয়রা। আমরা কোনও ঝুঁকি না নিয়ে খাঁচা বসিয়েছি। পায়ের ছাপ দেখে মনে হচ্ছে বনবিড়ালও হতে পারে। তবুও এলাকায় বনকর্মীরা টহলদারি চালাচ্ছেন।
প্রসঙ্গত, কয়েকমাস আগে বড়াইবাড়ির মানসাই নদী সংলগ্ন এলাকায় হাতি চলে এসেছিল। লোকালয়ে হাতি চলে আসায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বনদপ্তর ও ঘোকসাডাঙা থানার পুলিস দীর্ঘ চেষ্টার পর সেই হাতিটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে। এবারে লোকালয়ে চিতাবাঘের আতঙ্ক দেখা দেওয়ায় তাই বাড়তি সতর্ক রয়েছেন বনকর্মীরা। এলাকায় প্রচুর ভুট্টাখেত থাকায় চিতাবাঘের আতঙ্ক আরও বেশি করে ছড়িয়ে পড়েছে। যদিও বনদপ্তরের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।  যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Advertisement
সম্পর্কিত সংবাদ