


সংবাদদাতা, বনগাঁ: গুজরাত পুলিশের হাতে ধৃত গোপালনগরের যুবক সৌরভ বিশ্বাস (৩০) ওরফে মাইকেলই দেশজুড়ে আদালত ও পোস্ট অফিসে বিস্ফোরণ হুমকি মেইলের অন্যতম মাথা! গ্রেপ্তারের পর সেই বিষয়টি নিয়েই ভাবছেন সবাই। তবে সাদামাটা গ্রাম্য জীবন কাটানো মাইকেল এমন কাজ করতে পারে, ভেবেই আঁতকে উঠছেন গোপালনগর থানার গোবিন্দপল্লির বাসিন্দারা।
মাত্র দেড় বছর আগে এলাকায় আসা যুবককে মাইকেল নামেই চিনতেন গ্রামের বাসিন্দারা। ভালো মানুষ বলেই জানতেন সকলে। সবসময় ল্যাপটপ নিয়ে ঘোরাঘুরি করলেও, কেউ জানতেন না, আদতে সে কী কাজ করে। কেউ কখনও প্রশ্ন করেনি। দিন কয়েক আগে এরাজ্য সহ দেশের একাধিক জায়গায় হুমকি মেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। এরপর গত ২৮ তারিখ গুজরাত পুলিশ গোপালনগর থানার সহযোগিতায় মাইকেলকে গ্রেপ্তার করে। সূত্র মারফত জানা গিয়েছে, এই মাইকেলই হুমকি মেলের অন্যতম মাথা।
জানা গিয়েছে, বছর দেড়েক আগে নিউ বারাকপুর থেকে এসে গোপালনগরের গোবিন্দপল্লিতে ভাড়া বাড়িতে থাকা শুরু করে সৌরভ ওরফে মাইকেল। এলাকার দুই আত্মীয়ের বাড়িতে অবাধ যাতায়াত ছিল তাঁর। সেখানে জমি কিনে অল্প দিনের মধ্যেই বাড়ি তৈরি করে।
গ্রামবাসীরা জানান, এখানেই স্ত্রী নিয়ে থাকত। পুলিশের হাতে গ্রেপ্তার হতেই বাড়িতে তালা। নেই স্ত্রী। আত্মীয়ের বাড়িতেও তালা দেওয়া। তবে কখনও তাকে ঘিরে সন্দেহ হয়নি কারও। সেভাবে পাড়ায় মিশতেন না। তবে রাস্তাঘাটে পথ চলতি বাসিন্দাদের সাথে কথাবার্তা বলত। কাছে সবসময় একটি ল্যাপটপ থাকত। সেটি সঙ্গে করে ঘুরে বেড়ালেও, ঠিক কী কাজ করত এই যুবক, কেউ জানতেন না। স্থানীয় এক বাসিন্দা বলেন, পাশের বাড়িতে থাকত সৌরভ। কী কাজ করত কোনোদিন বলেনি। বাড়িতে সেভাবে কেউ আসত না। দু’দিন আগে পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছে। কেন নিয়ে গিয়েছে জানি না।