Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬

ললিত মোদির আর্থিক দুর্নীতি: সিঙ্গাপুর ও হংকংয়ে চিঠি ইডির

চরম বিতর্কের জেরে সম্প্রতি ললিত মোদির পাসপোর্ট বাতিল করে দিয়েছে ভানাতু। এরইমধ্যে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত ললিত সম্পর্কে আরও তথ্য পেতে এবার সিঙ্গাপুর ও হংকংয়ে চিঠি পাঠাল ইডি।

ললিত মোদির আর্থিক দুর্নীতি: সিঙ্গাপুর ও হংকংয়ে চিঠি ইডির
  • ৭ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

মুম্বই: চরম বিতর্কের জেরে সম্প্রতি ললিত মোদির পাসপোর্ট বাতিল করে দিয়েছে ভানাতু। এরইমধ্যে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত ললিত সম্পর্কে আরও তথ্য পেতে এবার সিঙ্গাপুর ও হংকংয়ে চিঠি পাঠাল ইডি। বিদেশে কোথায় কার সঙ্গে কত টাকা লেনদেন করেছেন এই ফেরার অভিযুক্ত? তিনি একাই, না কি এই বিপুল আর্থিক দুর্নীতিতে তাঁর আরও সঙ্গীরা জড়িত? আপাতত সেই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে আবেদন জানিয়েও পূর্ণাঙ্গ তথ্য হাতে পাওয়া যায়নি। তাই এবার সিঙ্গাপুর ও হংকংয়ের আদালতের কাছে তদন্তের কাজে যাবতীয় সাহায্য চেয়ে নতুন করে চিঠি পাঠানো হয়েছে।

Advertisement

২০০৮-২০১০ সাল। আইপিএলের শীর্ষপদে থাকাকালীন বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে ললিতের বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রচুর টাকাও তিনি নয়ছয় করেছেন বলে অভিযোগ। পরের দিকে ভারত ছাড়েন ললিত। তারপর থেকেই বিদেশে আস্তানা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চালিয়ে গিয়েছে। কিন্তু দেশে ফেরানো যায়নি ললিতকে। সেই মামলার তদন্তে ২০১৬ সালে মরিশাসকে একটি এলআরএস (অন্য দেশকে আদালতের আনুষ্ঠানিক আর্জি) পাঠিয়েছিল ইডি। চিঠির উত্তরে আর্থিক লেনদেনে ব্যবহৃত একাধিক কর্পোরেট সংস্থার মালিকানা ও ব্যাঙ্কের নথির সন্ধান মেলে। পরে জানা যায়, টাকা লেনদেনের জাল ছড়িয়েছে সিঙ্গাপুর ও হংকংয়েও। আর সেইসূত্রেই এবার সেখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠাল ইডি।

Advertisement
সম্পর্কিত সংবাদ