Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইতিহাসের দোরগোড়ায় জম্মু ও কাশ্মীর, আকিব নবিকে জাতীয় দলে দেখার আশায় সৌরভ

লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ, দেবদূত পাদিক্কাল!— তারকা সমৃদ্ধ কর্ণাটককে রনজি ফাইনালে খাবি খাওয়াচ্ছে জম্মু ও কাশ্মীর।

ইতিহাসের দোরগোড়ায় জম্মু ও কাশ্মীর, আকিব নবিকে জাতীয় দলে দেখার আশায় সৌরভ
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হুবলি: লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ, দেবদূত পাদিক্কাল!— তারকা সমৃদ্ধ কর্ণাটককে রনজি ফাইনালে খাবি খাওয়াচ্ছে জম্মু ও কাশ্মীর। যারা কিনা তাদের ৬৭ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথমবার খেতাবি লড়াইয়ে নেমেছে। অলৌকিক কিছু না ঘটলে, শনিবার হুবলিতে প্রথমবার রনজি ট্রফি জিতে ইতিহাস গড়তে চলেছে জম্মু ও কাশ্মীর। প্রথম ইনিংসে পরশ ডোগরাদের ৫৮৪ রানের জবাবে কর্ণাটক ২৯৩ রানেই গুটিয়ে যায়। অর্থাত্, ম্যাচের ফয়সালা না হলেও প্রথম ইনিংসে লিডের সুবাদে কাপ পাবে ভূস্বর্গের দলটি। অবশ্য দ্বিতীয় ইনিংসেও দাপট জারি পরশ-ব্রিগেডের। চতুর্থ দিনের শেষে তাদের স্কোর ৪ উইকেটে ১৮৬। জম্মু ও কাশ্মীরের পকেটে এখন লিড ৪৭৭ রানের।

Advertisement

আলাদা করে প্রশংসা করতে হবে আকিব নবিরও। প্রথম ইনিংসে তাঁর ৫ উইকেটই চাপে পড়ে কর্ণাটক। বৃহস্পতিবারই লোকেশ রাহুল, করুণ নায়ার ও রবিচন্দ্রন স্মরণকে ফিরিয়ে বিপক্ষকে চাপে ফেলেছিলেন নবি। তবে অভিজ্ঞ মায়াঙ্ক আগরওয়ালের শতরানে আশা জিইয়ে ছিল কর্ণাটকের। শুক্রবার নবি তাঁকে ডাগ-আউটের পথ দেখালে দেওয়াল লিখন স্পষ্ট হয়ে যায়। ফাইনালে এমন পারফরম্যান্সের পর বারামুলার এই পেসারকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন সৌরভ গাঙ্গুলিও। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘ভারতীয় দলে দরজা নাড়ছে আকিব। ওকে ইংল্যান্ড সফরে নিয়ে যাওয়া উচিত।’ সৌরভ গাঙ্গুলির পরামর্শ নিশ্চয় নির্বাচক প্রধান অজিত আগরকরের কাছে পৌঁছাবে।
৫ উইকেটে ২২০ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল কর্ণাটক। শুরুতেই ক্রুথিক কৃষ্ণাকে (৩৬) আউট করে ধাক্কা দেন সাহিল। এরপর নতুন বল নেওয়ার পর ভয়ঙ্কর হয়ে ওঠেন জম্মু ও কাশ্মীরের পেসাররা। ২১টি বাউন্ডারি সহ ১৬০ রান করে মায়াঙ্ক আউট হতেই আশা শেষ হয়ে যায় কর্ণাটকের। দ্বিতীয় ইনিংসে যদিও ১১ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল জম্মু ও কাশ্মীর। তবে ধাক্কা সামলে দলকে টানছেন কামরান ইকবাল (ব্যাটিং ৯৪)। ক্রিজে তাঁর সঙ্গী সাহিল লোথরা (ব্যাটিং ১৬)।

সম্পর্কিত সংবাদ