Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রনজি ফাইনালে দাপট জারি জম্মু-কাশ্মীরের

পরশ ডোগরা এবং জিনেদিন জিদান! ২০০৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালে ইতালির মাতেরাজ্জিকে ঢুঁসো মেরেছিলেন ফরাসি কিংবদন্তি জিদান।

রনজি ফাইনালে দাপট জারি জম্মু-কাশ্মীরের
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

হুবলি: পরশ ডোগরা এবং জিনেদিন জিদান! ২০০৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালে ইতালির মাতেরাজ্জিকে ঢুঁসো মেরেছিলেন ফরাসি কিংবদন্তি জিদান। সেই স্মৃতি ফিরল ক্রিকেট মাঠে। বুধবার হুবলিতে রনজি ফাইনাল চলাকালীন কর্ণাটকের কেভি অনীশকে ঢুঁসো মারলেন জম্মু-কাশ্মীরের ক্যাপ্টেন পরশ, যা নিয়ে মাঠে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়। শেষ পর্যন্ত শাস্তির মুখেও পড়েন পরশ। তাঁর ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

Advertisement

বুধবার ঘটনাটি ঘটে ১০১ তম ওভারে। পঞ্চম উইকেটে কানাইয়ার সঙ্গে পরশের জুটি জমে গিয়েছিল। কর্ণাটকের প্রসিদ্ধ কৃষ্ণার প্রথম ডেলিভারি খেলার পরই ফরোয়ার্ড শট লেগের ফিল্ডার অনীশের দিকে তেড়ে যান জম্মু-কাশ্মীরের ক্যাপ্টেন। সবাইকে অবাক করে প্রতিপক্ষ ক্রিকেটারকে ঢুঁসো মারতে দেখা যায় তাঁকে। পরশকে থামাতে দৌড়ে আসেন মায়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল। তাঁদের সঙ্গেও বচসায় জড়ান পরশ। পরে ভুল বুঝতে পেরে তিনি ক্ষমা চান। তবে শাস্তি এড়াতে পারেননি। দিনের খেলার শেষে তিনি জানান, অনীশ তাঁকে স্লেজ করেছেন। 
ঢুঁসো মেরে অবশ্যই ভুল করেছেন পরশ। তবে তাঁর দল রনজি ফাইনালে রীতিমতো দাপট দেখাচ্ছে। জম্মু-কাশ্মীরকে দেখে মনেই হচ্ছে না, প্রথমবার রনজি ফাইনাল খেলছে। টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভূস্বর্গের দলটির সংগ্রহ ৬ উইকেটে ৫২৭। শুভম পুন্ডির (১২১) ছাড়া কেউ সেঞ্চুরি না হাঁকালেও প্রত্যেকে ব্যাট হাতে অবদান রেখেছেন। পরশ ও কানাইয়ার সংগ্রহ ৭০ রান। এখন ক্রিজে আছেন সাহিল (৫৭) ও আবিদ (২০)।

সম্পর্কিত সংবাদ