রোম: নিজের ডিপফেক ছবি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিষয়টিকে ‘রাজনৈতিক আক্রমণ’ আখ্যা দিয়েছেন তিনি। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবি নিয়ে সতর্কও করেছেন।

সম্প্রতি অন্তর্বাস পরা অবস্থায় মেলোনির একাধিক বিকৃত ছবি প্রকাশ্যে আসে। মঙ্গলবার এবিষয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন ইতালির প্রধানমন্ত্রী। সেখানে মেলোনি লেখেন, ‘কয়েকদিন ধরে আমার একাধিক ভুয়ো ছবি ছড়ানো হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এই ছবিগুলিকে আসল হিসাবে দাগিয়ে দিচ্ছে কোনো এক প্রতিপক্ষ।’ এরপরেই তিনি বলেন, ‘ছবিগুলিতে আমাকে অনেক বেশি ভালো দেখাচ্ছে। এটা মানতেই হবে। তবে আজকাল রাজনৈতিক আক্রমণের জন্য যে কোনো মাধ্যমকে কাজ লাগানো হচ্ছে। ডিপফেক অত্যন্ত বিপজ্জনক যন্ত্র। কারণ এর মাধ্যমে সহজেই একজনকে ভুল পথে চালিত করা যায়। আমি নিজেকে রক্ষা করতে পারব। তবে অনেকেই সেটা পারবেন না।’ ভুয়ো ছবি নিয়ে তাঁর বার্তা, ‘বিশ্বাস করার আগে ভালো করে খতিয়ে দেখুন। শেয়ার করার আগে বিশ্বাস করুন। এই নিয়মটা সবসময় মাথায় রাখা উচিত। আজ যা আমার সঙ্গে হয়েছে কাল তা যে কোনো ব্যক্তির সঙ্গে ঘটতে পারে।’