বেঙ্গালুরু: প্রিয় টিম ১৮ বছর পর আইপিএল ট্রফি জিতেছে। তাই অফিসে বসের কাছে কয়েক ঘণ্টার ছুটি চেয়েছিলেন বিরাট কোহলির ফ্যান দেবী। গত বুধবার দুপুরে ছুটি মঞ্জুরও হয়ে যায়। আর অপেক্ষা করেননি। কোহলিদের এক ঝলক দেখতে রওনা দিয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু ট্রফি জয়ের সেলিব্রেশন মুহূর্তে বদলে যায় আতঙ্কে। ভিড়ের মধ্যে হুড়োহুড়িতে পড়ে গিয়েছিলেন দেবী। আর ওঠেননি। চিন্নাস্বামীর বাইরে মৃত ১১ জনের তালিকায় নাম রয়েছে এই তথ্যপ্রযুক্তি কর্মীরও। তামিলনাড়ুর বাসিন্দা হলেও বেঙ্গালুরুতেই পড়াশোনা করেছেন দেবী। তারপর সেখানেই একটি টেক সংস্থায় চাকরি পান। চেন্নাইয়ের বদলে বরাবরই দেবীর প্রিয় টিম ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। সহকর্মী ও বন্ধুরাও সেই কথা জানতেন। তাঁর এক সহকর্মী বলেন, ‘ওর ল্যাপটপ এখনও টেবলে রাখা। পড়ে রয়েছে ব্যাগও। শুধু দেবীই নেই।’ ওই বন্ধু আরও বলেন, ‘দেবী যখন জানতে পারে স্টেডিয়ামে ঢোকার জন্য টিকিট দিচ্ছে, তখন ঠিক করে সেখানে যাবে। যদিও অনলাইনে টিকিট পায়নি। তবু আশা করে বেরিয়েছিল, ঠিক ভিতরে ঢুকতে পারবে। শেষবার মেসেজ করে জানায় মেট্রোয় যাচ্ছে। তারপর আর কোনও কথা হয়নি।’ পরে দেবীর মৃত্যুর খবর এসে পৌঁছায়।



