


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ‘ও মিঠুনদা, ছেলে কেমন আছে? ছেলে ভালো আছে তো?’ সোমবার বিকেলে বীজপুরে বিজেপির প্রার্থী সুদীপ্ত দাসের প্রচারে বেরিয়ে এই কটাক্ষ শুনতে হল মিঠুন চক্রবর্তীকে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যুবকেরা প্রশ্ন ছুড়ে দেন মিঠুনকে। যদিও তিনি জবাব দেননি।
সকালে হালিশহরের ১০ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। তবে মানুষ সেখানে সাড়া দেয়নি বলে দাবি করেছেন অনেকেই। এমনকি মিছিল থেকে বিজেপি কর্মীরা দেওয়ালে লাগানো তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীর ছবিতে গুটকা পিক ছিটিয়ে দেন। অনেক ব্যানার ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয় বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়। উল্লেখ্য, ওই ওয়ার্ডটি হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের ওয়ার্ড।
যদিও তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী বিষয়টি গুরুত্ব দিতে রাজি নন। তিনি বলেন, ফ্লাগ ছিঁড়ে, পোস্টার নষ্ট করে কি করবে। আমি বীজপুর বিধানসভা কেন্দ্রে যে কাজ করেছি, তাতে মানুষ আমার সঙ্গে আছে। আমার কাছে এসে মানুষ কখনও ফিরে যাননি। মানুষই আমার শক্তি। তাই বিজেপি প্রার্থী ঘুরলে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। দরজায় তালা দিয়ে দিচ্ছে। কটূক্তির শিকার হতে হচ্ছে মিঠুন চক্রবর্তীকে। বীজপুরের মানুষ তৃণমূলের সঙ্গে আছে। এমনকি পুরানো বিজেপি কর্মীরাও আমাকে সমর্থন করছেন।